বড় খবর! গতবছরের মতো এ বছরও আগেভাগেই চলে আসছে বর্ষা। সাধারণত ২০ থেকে ২২ মে-র মধ্যে আন্দামানে বর্ষা আসে। তবে গতবছর বর্ষা এসেছিল ১৩ মে। এ বছর এই সপ্তাহের শেষেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে যাওয়ার প্রবল সম্ভাবনা। আসলে বঙ্গোপসাগরে দানা বাঁধছে একটি নিম্নচাপ। যা আরও শক্তি সঞ্চয় করবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই। সহজ ভাষায়, এই নিম্নচাপটিই বর্ষাকে ডেকে আনবে। ১৬ মে ঢুকে পড়তে পারে বর্ষা। ভারতের মূল ভূখণ্ডে অর্থাৎ কেরলে বর্ষা ঢোকার সময় পয়লা জুন। আন্দামানে আগে ঢুকলেও কেরলে কবে বর্ষা আসবে? সে বিষয়ে মৌসম ভবন এখনও নিশ্চিত কোনও দিনক্ষণ জানায়নি। তবে এটা বলা যায়, কেরলেও এ বছর তাড়াতাড়িই ঢুকবে বর্ষা।