সেপ্টেম্বরের শুরুতেই কালো মেঘে ঢাকা আকাশ। সেই সঙ্গে টানা বৃষ্টি। এ মাসের বাকি দিনগুলিতে বর্ষার বৃষ্টি কতটা হতে? ভারতের মৌসম ভবনের পূর্বাভাস, আপাতত বর্ষণ চলবে। তবে বর্ষা স্বাভাবিকের চেয়ে কম থাকবে। সেপ্টেম্বরের শুরুতেই যে নিম্নচাপ তৈরি হল, তার জেরে বৃষ্টি কতদিন চলবে? IMD জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি চলবে। মূলত ২ সেপ্টেম্বর সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় আজ অর্থাত্ মঙ্গলবার অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। নিম্নচাপ সিস্টেমটি পশ্চিম-উত্তরপশ্চিমের দিকে এগোতে পারে, তার জেরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনায়। ভারতের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত কম হলেও উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব, পূর্ব, পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব ভারতের কিছু এলাকায় স্বাভাবিক বা বেশি বৃষ্টি হতে পারে। মোদ্দা কথা, কোথাও বেশি, কোথাও কম বৃষ্টির সম্ভাবনা। IMD-র মতে, চলতি এল নিনোর প্রভাবেই তাপমাত্রা বৃদ্ধি ও বৃষ্টির ঘাটতি দেখা যাচ্ছে।