বাজারে মরশুমের প্রথম ইলিশ। প্রতিটি মাছের ওজন ৩৫০ থেকে ৪০০ গ্রামের মধ্যে। কত টাকায় বিকোচ্ছে? সেটা জানতে ভিডিওটা শেষপর্যন্ত দেখুন। গত ১৪ জুন মাঝরাত থেকে দক্ষিণ ২৪ পরগনার প্রায় তিন হাজার ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দেয়। স্থানীয় নদ-নদীতেও নৌকা নিয়ে চলছে মাছ ধরা। আর সেই জালেই ধরা পড়ছে ইলিশ। ইতিমধ্যেই সুন্দরবন সংলগ্ন বিভিন্ন স্থানীয় মাছের বাজারে ইলিশ বিক্রি শুরু হয়েছে। কাকদ্বীপ পালবাজারের এক ব্যবসায়ী জানান, এবারের মরশুমের প্রথম ইলিশ বাজারে এসেছে। স্থানীয় নদী থেকেই মৎস্যজীবীরা মাছ ধরেছেন। মরশুমের শুরু বলে চাহিদাও বেশ ভালো। বর্তমানে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক একটা মাছের ওজন ৩৫০ থেকে ৪০০ গ্রামের মধ্যে। তবে মৎস্যজীবী সংগঠনের দাবি, এখন যে ইলিশ বাজারে আসছে তা সংখ্যায় খুবই কম। মূলত স্থানীয় নদীগুলি থেকেই এই মাছ ধরা পড়ছে। আগামী কয়েক দিনের মধ্যে গভীর সমুদ্রে যাওয়া ট্রলারগুলি মাছ নিয়ে উপকূলে ফিরতে শুরু করবে। জামাইষষ্ঠীর আগেই বহু ট্রলার ফিরে আসার সম্ভাবনা। তখন বাজারে ইলিশের জোগান আরও বাড়বে।