ফাইল ছবি প্রয়াত বিশিষ্ট সংগীতশিল্পী KK-র ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে এসে পৌঁছল কলকাতা পুলিশের। পুলিশ সূত্রে খবর, সেই রিপোর্টে উল্লেখ, হার্টের সমস্যা ছিল KK-র। তাঁর অসুস্থতার সময় হৃদযন্ত্র পাম্প করতে পারেনি পর্যাপ্ত অক্সিজেন৷ তাই প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছাতে পারেনি KK-র শরীরে৷
সূত্রের খবর, ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে হৃদযন্ত্রের বিকল হয়ে যাওয়াকে উল্লেখ করা হয়েছে। সেখানে উল্লেখ, আর্টারিতে হলদে সাদা মেদের আস্তরণ দেখা গিয়েছে। কোলেস্টেরলের জমে যাওয়ার ফলে সেখানে ব্লকেজও পাওয়া গিয়েছে৷ এই ব্লকেজ দেখা গিয়েছে বাম দিকের করোনারি আর্টারির একাধিক জায়গাতেও।
আরও পড়ুন : একাদশে ভর্তির বিজ্ঞপ্তি জারি, ৩৫% পেলেই সায়েন্সে পড়ার সুযোগ
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছিল, 'মায়ো কার্ডিয়াল ইন্টারপশন'এর কথা। পূর্ণাঙ্গ রিপোর্টেও তারই উল্লেখ রয়েছে। বলা হয়েছে, হার্ট আর্টারির গায়ে জমে ছিল হলদেটে সাদা রঙের পরত। তার ফলে হার্ট ব্লকেজ হয়েছিল।'
আরও পড়ুন : বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক মদের দোকান, কেন ?
প্রসঙ্গত, গত মঙ্গলবার নজরুল মঞ্চের অনুষ্ঠানে অসুস্থতা অনুভব করেন গায়ক KK। ৫৩ বছর বয়সি গায়ক কলকাতা এসেছিলেন গান গাইতে। হোটেলে গিয়ে তিনি লুটিয়ে পড়েন। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন কৃষ্ণনাথ কুমার কুন্নাথকে।
এদিকে মৃত্যুর পর শুরু হয় বিতর্ক। নজরুল মঞ্চে সেদিন দর্শকাসনের তুলনায় অনেক বেশি সংখ্যক লোক এসেছিল বলে অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে এসি বিকল হয়ে যাওয়ারও। অনেকেই অভিযোগ করেন, অত গরমে ওই অস্বস্তিকর পরিবেশে গান করার জন্যই অসুস্থ হয়ে পড়েন KK।