নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োর মধ্যে ছিটকে পড়ল গাড়িমহারাষ্ট্রের নাসিকে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা। রাতে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার একই পারিবারের ৯ সদস্য। মৃতদের মধ্যে রয়েছে ৬ শিশুও। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে নাসিক থেকে ৪০ কিমি দূরে দিন্দোরি তালুকে। জানা গিয়েছে, ওই পরিবারটি বাচ্চাদের নিয়ে একটি অ্যানুয়াল ফাংশানে আমন্ত্রিত ছিল, রাতে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।
জানা গিয়েছে, ইন্দোর গ্রামের বাসিন্দা সুনীল দত্তাত্রেয় দারগোদে তাঁর পরিবার ও সন্তানদের নিয়ে এই অনুষ্ঠানে এসেছিলেন। অনুষ্ঠান শেষে দারগোদে ফ্যামিলি দিন্দোরি থেকে গাড়িতে করে বাড়ি ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার জেরে গাড়িটি রাস্তার পাশের একটি কুয়োয় পড়ে যায়। সবেচেয়ে খারাপ বিষয় হল, দুর্ঘটনার সময় ওই কুয়োটি প্রায় জলে ভর্তি ছিল। ফলে কারোরই বেঁচে থাকার সম্ভাবনা আর ছিলই না।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে প্রশাসন, পুলিশ, সমাজকর্মী, দমকল বাহিনী। পরে NDRF-এর টিমও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে বিশালাকার কুয়োটি জলে ভর্তি থাকায় উদ্ধার অভিযানে যথেষ্ট বাধার সম্মুখীন হতে হয়। দুটি ক্রেনের সাহায্যে প্রায় মধ্যরাতে গাড়িটি বের করে আনা হয়।
গাড়ি থেকে ৯ জনের দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর একটি বাচ্চাকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল ওই পরিবার। কিন্তু তাঁদের সেই চেষ্টাও সফল হয়নি। ওই শিশুটিরও কুয়োয় পড়ে মৃত্যু হয়েছে। তার দেহ উদ্ধারের জন্য আলাদা সার্চ অপারেশন চালানো হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, যাদের দেহ উদ্ধার হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন সুনীল দত্তাত্রেয় দারগোদে (৩৪), তাঁর স্ত্রী রেশমা সুনীল দারগোদে (৩০), মেয়ে রাখি ওরফে গুণবন্তী (১০) এবং দুই ভাইঝি মাধুরী অনিল দারগোদে (১৩) ও শ্রাবণ অনিল দারগোদে (১১)। এছাড়াও, মৃতদের মধ্যে রয়েছেন আশা অনিল দারগোদে (৩২), তাঁর ছেলে শ্রেয়শ অনিল দারগোদে (১১), মেয়ে সৃষ্টি অনিল দারগোদে (১৪) এবং ভাইঝি সমৃদ্ধি রাজেশ দারগোদে (৭)।
পুলিশের তরফে জানানো হয়েছে মৃতরা সকলেই একই পরিবারের সদস্য। দুর্ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেই এই ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে।