সিকিমে আজও ভারী বৃষ্টির সতর্কতা সিকিমের মাঙ্গান জেলার লাচেন থেকে চুংথাং সংযোগকারী সড়কটি ধসে পড়ায় যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ১,২৫০ জন পর্যটক এখনও লাচেনে আটকা রয়েছেন। যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আধিকারিকরা জানিয়েছেন, লাচেন-চুংথাং সড়কের তারুম চু সেতুর কাছে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আরও জানান, মাঙ্গান জেলা প্রশাসন তারুম চু সেতুর কাছে রাস্তাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে একটি জনবিজ্ঞপ্তি জারি করেছে।
আধিকারিকদের মতে, খারাপ আবহাওয়া এবং পথে সম্ভাব্য ঝুঁকির কারণে লাচেনে উপস্থিত সকল পর্যটককে সারারাত যেখানে আছেন সেখানেই থাকতে এবং কোনও রকম চলাচল এড়িয়ে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে সূত্রমতে, বড় কোনও সংকটের খবর পাওয়া যায়নি। ভারতীয় সেনাবাহিনী চিকিৎসা সহায়তাসহ সব ধরনের সাহায্য করছে এবং সক্রিয়ভাবে বরফ সরানোর কাজে নিয়োজিত রয়েছে। রাস্তা খুলে গেলে পরবর্তী চলাচল সহজতর হবে। পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
প্রসঙ্গত, সিকিমের জনপ্রিয় পর্যটনস্থল লাচেনে আটকে পর্যটকদের মধ্যে অনেক বাঙালিও আছেন। মোট কতজন বাঙালি এই মুহূর্তে আটকে আছেন, সেই সংখ্যা জানা যায়নি। তবে সোশ্যাল মিডিয়া পোস্ট এবং গ্যাংটকের বিভিন্ন হোটেল সূত্রে জানা গিয়েছে, আটকে পড়া বাঙালি পর্যটকের সংখ্যা নেহাত কম নয়। তাঁদের উদ্ধারকার্যে সাহায্য করছে ভারতীয় সেনাবাহিনী এবং বর্ডার রোডস অর্গানাইজেশন।
লাচেন-ডনকিলা-শিবমন্দির রুটে বরফ সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনও পর্যটকদের উদ্ধারকার্যে সাহায্য করছে। সোমবার বেশ কয়েকজন পর্যটককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ফের উদ্ধারকার্য শুরু হয়েছে। তবে সরাসরি লাচেন থেকে পর্যকদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। ডোকলাম , জিরো পয়েন্ট, লাচুং হয়ে পর্যটকদের নিরাপদ স্থানে নিয়ে আসা হচ্ছে।
ভারতীয় সেনাবাহিনীসহ বেশ কয়েকটি সংস্থা অভিযান শুরু করেছে
কর্তৃপক্ষ আটকে পড়া পর্যটকদের উদ্ধারের জন্য সোমবার থেকে উদ্ধার অভিযান শুরু করেছে। নিরাপদ উদ্ধারকার্য নিশ্চিত করতে জেলা প্রশাসন পুলিশ, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি), বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) এবং ভারতীয় সেনাবাহিনীসহ একাধিক সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
পর্যটকদের জন্য হেল্পলাইন
প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, উদ্ধারকার্য চালানো হচ্ছে। সরকারি নির্দেশিকা মেনে চলার বার্তাও দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে হেল্পলাইন নাম্বার ৯৯০৭৯৫৬৭০৫ ও ০৩৫৯২২৮১০০৭-এ ফোন করতে পারেন পর্যটকরা। সব পর্যটককেই দ্রুত উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছে প্রশাসন। ততক্ষণ আটকে পড়া পর্যটকদের সাহায্য করা হচ্ছে।
গ্রীষ্মের আগেই হাজার হাজার পর্যটক সিকিমে আসেন
গ্রীষ্মের আগমন ঘটলেই হাজার হাজার পর্যটক সিকিমে ভিড় জমান। সিকিম তার প্রাকৃতিক সৌন্দর্য, কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ (বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ) এবং শতভাগ জৈব রাজ্য হওয়ার জন্য বিখ্যাত। এর সমৃদ্ধ বৌদ্ধ সংস্কৃতি, প্রাচীন মঠ এবং পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশের কারণে এটি দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। সিকিম বড় এলাচের বৃহত্তম উৎপাদকও বটে।
সিকিমের আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী পাঁচ দিন সিকিমের আবহাওয়া অস্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। ৭ ও ৮ এপ্রিল কিছু এলাকায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়াও, ৮ ও ৯ এপ্রিল সিকিমের কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।