হামলার মুখে শশী থারুরের কনভয়নির্বাচনী প্রচারে যাওয়ার পথে হামলার মুখে পড়লেন কংগ্রেস নেতা শশী থারুর। তাঁর কনভয়ের গাড়ি ঘিরে হামলা চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। কেরলমের মালাপ্পুরম জেলার ওয়ান্দুর এলাকায় এই হামলা চালানোর ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে,বৃহস্পতিবার শশী থারুর UDF প্রার্থী এপি অনিল কুমারের হয়ে প্রচারের জন্য ওয়ান্দুর যাচ্ছিলেন, সেই সময়ই এই হামলা করা হয়। তাঁর গাড়ি আটকে বিক্ষোভকারীরা এক সশস্ত্র নিরাপত্তারক্ষীকে মারধর করে বলেও অভিযোগ।
শশীর দলের দাবি, তাঁরা দুটি গাড়িতে করে যাচ্ছিলেন, এমন সময় প্রায় আটজন লোক থারুরের গাড়িটি থামায়। লোকগুলো তাঁদের গাড়িটিকে সামনে এগোতে দিচ্ছিল না। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা গাড়ির কাচেও জোরে জোরে আঘাত করতে থাকে। পরিস্থিতি সামলাতে থারুরের নিরাপত্তারক্ষী গাড়ি থেকে নেমে এলে, তাঁকে মারধর করা হয়। ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কংগ্রেস সূত্রে খবর, ঘটনার পরপরই পুলিশে খবর দেওয়া হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। ইতিমধ্যেই দুই জনকে আটক করেছে পুলিশ। এই হামলা পরিকল্পিত কিনা, নাকি হঠাৎ করেই রাস্তার ঝামেলা থেকে এই হামলা করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক ভাবে পুলিশ এই হামলার পিছনে কোনও রাজনৈতিক কর্মকাণ্ড খুঁজে পায়নি বলেই জানা গিয়েছে।
উল্লেখ্য, কেরল বিধানসভার ১৪০টি আসনের ভোটগ্রহণ হবে আগামী ৯ এপ্রিল। ভোটগণনা ও ফল প্রকাশ হবে ৪ মে-তে। সেই নির্বাচনেই UDF-এর হয়ে প্রচারের জন্য যাচ্ছিলেন শশী থারুর। কেরলেম এবার কুর্শি দখলের মূল লড়াই হচ্ছে এলডিএফ, ইউডিএফ এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র মধ্যে।