দিল্লি বিধানসভার গেট দিল্লি বিধানসভার নিরাপত্তায় বড়সড় গাফিলতি। বিধানসভার গেট ভেঙে ভিতরে ঢুকে গেল গাড়ি। যার জেরে ব্যাপক চাঞ্চল্য বিধানসভা চত্বরে। এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রতিটি বিধানসভাতেই বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকে। দিল্লিও তার ব্যতিক্রম নয়। এত নিরাপত্তা থাকার পরও কীভাবে ওই গাড়িটি ভিতরে প্রবেশ করল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং গাড়ির চালকের পরিচয় জানার চেষ্টা করছে।
সূত্রের খবর, দুপুর ২টা ৫ মিনিট নাগাদ উত্তরপ্রদেশের নম্বর প্লেটের একটি সাদা রঙের গাড়ি মল রোডের উপরে থাকা বন্ধ গেট ভেঙে ভিআইপি প্রবেশপথ দিয়ে বিধানসভা চত্বরে ঢুকে পড়ে। গাড়িতে থাকা ব্যক্তি স্পিকার রুমের বাইরে একটি ফুলের তোড়া রেখে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনা সামনে আসার পরই নিরাপত্তারক্ষী ও কর্মীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
ঘটনার পরপরই দিল্লি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তদন্তে নামেন। তাঁরা বিধানসভা চত্বরে উপস্থিত রয়েছেন। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব দ্রুত অভিযুক্ত গাড়ি ও চালককে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, সেজন্য বিধানসভা চত্বরের সমস্ত প্রবেশপথ ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রটোকল নতুন করে খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গেট নম্বর ২-এর কাছে মেট্রোর পাশেই দাঁড়িয়ে থাকা দু’জন ব্যক্তি পুরো ঘটনাটি নিজের চোখে দেখেছেন। তাঁদের মধ্যে একজন, হলুদ টি-শার্ট পরা এক যুবক, যার নাম রবিত বলে জানা গিয়েছে। তিনি জানান, গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে। গাড়িটি কিছুক্ষণ বিধানসভা চত্বরে ঘোরাফেরা করে। তারপর আবার দ্রুতগতিতে সেখান থেকে বেরিয়ে যায়।
প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, নিরাপত্তা ব্যবস্থার কোথাও না কোথাও বড়সড় গাফিলতি ছিল। সেজন্যই এই ঘটনা।