সিকিমে কোন পথে নিরাপদে যাতায়াত?Lachen Road Update: গরম নিজের দাপট দেখাতে শুরু করেছে। আর গরমের জ্বালা জুড়োতে তাই বাঙালির প্রথম পছন্দ এখন শৈলশহর সিকিম। কিন্তু মরশুমের শুরুতেই বিপত্তি। সিকিমের মঙ্গন জেলায় চুংথাং যাওয়ার পথে ধস নেমে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লাচেন ও চুংথাং সংযোগকারী রাস্তার একটি বড় অংশ ভেঙে পড়ায় রবিবার থেকে আটকে পড়েছেন ৮০০-র বেশি পর্যটক। ধসের জেরে পর্যটকদের সুরক্ষায় ইতিমধ্যেই কড়া নির্দেশিকা জারি করেছে সিকিম সরকার।
সিকিম সরকার সূত্রে খবর, বর্তমানে গ্যাংটক ও পাকইয়ং জেলার সমস্ত রাস্তা পরিষ্কার থাকলেও মঙ্গনের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। চুংথাং থেকে লাচেন যাওয়ার পথে তারামচু সেতুর কাছে রাস্তা পুরোপুরি অবরুদ্ধ। ফলে লাচেনে যাওয়ার স্বপ্ন আপাতত থমকে পর্যটকদের। তবে লাচুং বা ইয়ুমথাং যাওয়ার রাস্তা এখনও খোলা রয়েছে। অন্যদিকে, তুষারপাতের কারণে জিরো পয়েন্ট এবং গুরুদংমার থেকে ডংকিলা যাওয়ার পথে যান চলাচল থমকে আছে। যুদ্ধকালীন তৎপরতায় সেখানে বরফ সরানোর কাজ চলছে বলে প্রশাসন জানিয়েছে।
হেল্পলাইন নম্বর
পর্যটক এবং স্থানীয়দের শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে সরকারি নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার বার্তাও দিয়েছে তারা। জরুরি প্রয়োজনে হেল্পলাইন নম্বর (Helpline) দেওয়া হয়েছে, যোগাযোগ করতে পারেন ৯৯০৭৯৫৬৭০৫/০৩৫৯২২৮১০০৭-তে।
গ্যালশিং জেলায় যান চলাচলের পরিবর্তিত সময়সূচি
পর্যটকদের মনে রাখতে হবে, ১লা এপ্রিল থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত গ্যালশিঙের নির্দিষ্ট কিছু রাস্তায় সকালে ৭টা থেকে ৮টা, বেলা ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২:৩০ থেকে বিকেল ৪টে পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকছে। সিকিম সরকারের তরফে জানানো হয়েছে, ভ্রমণের আগে স্থানীয় প্রশাসনের আপডেট দেখে নেওয়া বাঞ্ছনীয়।