Biman Bose আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিজেদের অবস্থান স্পষ্ট করতে ১১ দফা ইশতেহার প্রকাশ করল বামফ্রন্ট। এই ইস্তেহারে যেমন রয়েছে জনকল্যাণমূলক নানা ঘোষণা, তেমনই উঠে এসেছে কর্মসংস্থান ও নারী সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ ইস্যু।
সবচেয়ে চমকপ্রদ প্রতিশ্রুতি হল বিদ্যুৎ পরিষেবা নিয়ে। বামফ্রন্ট জানিয়েছে, যাঁরা আয়কর দেন না, তাঁদের জন্য মাসে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ অর্ধেক দামে দেওয়ার কথাও বলা হয়েছে।
নারী সুরক্ষাকে গুরুত্ব দিয়ে ‘অভয়া বাহিনী’ গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই বাহিনীর মাধ্যমে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। একইসঙ্গে যুব সমাজকে সমাজসেবা ও উৎপাদনমুখী কাজে যুক্ত করে ভাতা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
কর্মসংস্থানের ক্ষেত্রেও বড় প্রতিশ্রুতি দিয়েছে বাম শিবির। প্রতিটি পরিবারের অন্তত একজনকে স্থায়ী চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ এবং প্রতি বছর স্বচ্ছভাবে এসএসসি ও পিএসসি পরীক্ষা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
প্রবীণদের জন্যও রয়েছে বিশেষ ঘোষণা। বার্ধক্যভাতা হিসেবে মাসে ৬ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি বর্তমানে যাঁরা বিভিন্ন ভাতা পাচ্ছেন, মহিলা ও যুবরা, তাঁদের সেই সুবিধা চালু থাকবে বলেও স্পষ্ট করা হয়েছে।
ইশতেহার প্রকাশ করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কেন্দ্রীয় রাজনীতির সমালোচনা করে বলেন, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বিকল্প পথ দেখাচ্ছে বামপন্থীরা। পাশাপাশি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।