মমতা বন্দ্যোপাধ্যায়।-ফাইল ছবিতৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সবসময় তাঁতের শাড়িতে দেখা যায়। বাংলার বিভিন্ন প্রান্তে হাতে বোনা তাঁতই তাঁর সবথেকে পছন্দ, একথা তিনি আগেও বহুবার বলেছেন। সোমবার শান্তিপুরে নির্বাচনী সভা ছিল মমতার। শাড়ির জন্য বিখ্যাত শান্তিপুর। তাই সেখানেও শাড়ির প্রসঙ্গ তুললেন তৃণমূল সুপ্রিমো।
এদিন, শান্তিপুরের সভায় এসে হালকা মেজাজে ব্যক্তিগত প্রসঙ্গ টেনে বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমি শান্তিপুরে মিটিংয়ে এসেছি শুনে অভিষেকে মা মজা করে বলেছে আমার জন্য দুটো শাড়ি এনো। আমি কি এখন বাজারে যাব নাকি। তবে বাড়ির বউ তো এটা এক্সপেক্ট করতেই পারে। সোনা-দানা কিছু চায় না, নববর্ষের আগে দুটো শাড়ি চাইলে সেটা দেব না?'
নিজের পরা শাড়ির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, 'আজ আমি যে শাড়িটা পরে এসেছি, সেটাও শান্তিপুরের। আমি নিজের ডিজ়াইন করা শাড়ি পরতে ভালোবাসি। অনেকেই তা নকল করে, এটা আমার ভালোই লাগে। শান্তিপুরের শাড়ি, বসাকদের শাড়ি, পুজোর সময় এর কদর আরও বোঝা যায়।'
দীর্ঘ সফরের ক্লান্তির কথাও তুলে ধরেন তিনি। জানান, টানা ১৫ দিন বাইরে থাকতে হচ্ছে, হোটেলেই কাটছে দিন। তবে হোটেলের খাবার তিনি খান না। তিনি বলেন, 'চিঁড়ে-মুড়ি, কোনও দিন একটা সেদ্ধ ডিম, এইসব খেয়েই দিন কাটে। চা-ও বেশি খাই না, শুধু সকালে একটু ভালো করে খাই।' ১৯৯০ সালে হামলার ঘটনার উল্লেখ করে জানান, সেই থেকে ঝাল খাবার সহ্য করতে পারেন না।
এদিন শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বেথুয়াডহরিতে রুকবানুর রহমান, আলিফা আহমেদ ও কল্লোল খাঁয়ের সমর্থনেও প্রচার করেন তিনি।
অন্যদিকে, পূর্বস্থলীর সভা থেকে তিনি অভিযোগ তোলেন, বিজেপি এআই ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে। তাঁর কথায়, 'দিল্লিতে বসে এআই দিয়ে নাম কেটে দেওয়া হয়েছে। এর জবাব মানুষ দেবে।'