ট্রাকের সামনে পড়ে নিয়ন্ত্রণ হারাল বিজেপি প্রার্থীর গাড়িনির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে কোচবিহারের শীতলকুচির বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়ি। দুর্ঘটনায় গুরুতর জখম হন পদ্ম শিবিরের নেত্রী। সাবিত্রী বর্মণের গাড়ির সামনে একটি ট্রাক চলে আসাতেই, নেত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে উল্টে যায়। শনিবার রাত ১২টা নাগাদ শিকারপুর পাঁচমাইল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
বিজেপি সূত্রে খবর, দুর্ঘটনার পরেই উল্টে যাওয়া গাড়ি থেকে তড়িঘড়ি প্রার্থীকে বাইরে বের করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্রের খবর, দুর্ঘটনার জেরে গুরুতর জখম হয়েছেন সাবিত্রী বর্মণের গাড়ির চালকও। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আসে পুলিশ। যে ট্রাকটির বেপরোয়া চলার জন্য এই দুর্ঘটনা ঘটেছে, সেটির খোঁজ শুরু করা হয়েছে।
উল্লেখ্য, আজ কোচবিহারের রাসমেলা ময়দানে বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখতে চলেছেন নরেন্দ্র মোদী। রিপোর্ট অনুযায়ী, এই সমাবেশে প্রধানমন্ত্রী মোদী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির সম্প্রতি প্রকাশিত 'জনগণের অভিযোগপত্রে' উত্থাপিত বিষয়গুলো তুলে ধরবেন। তার আগে গতকাল প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছিলেন উত্তরবঙ্গের গেরুয়া শিবিরের নেতা-নেত্রীরা। কিন্তু তার মধ্যেই দুর্ঘটনার কবলে পড়লেন সাবিত্রী বর্মণ।
প্রসঙ্গত, এই প্রথম বিধানসভা ভোটে লড়ছেন সাবিত্রী বর্মন। ইতিমধ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি। ২০২১ সালে শীতলকুচি আসনে জিতেছিল বিজেপি। এবার সেই আসনেই লড়ছেন সাবিত্রী।