প্রচারে ফিরহাদ হাকিম।-ফাইল ছবিভোটের মুখে ভবানীপুরে জোরদার হচ্ছে তৃণমূলের প্রচার। কলকাতা বন্দরের প্রার্থী তথা ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরহাদ হাকিম মঙ্গলবার সকালেই চেতলা এলাকায় বাড়ি বাড়ি প্রচারে নামলেন। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে প্রিয়দর্শিনী হাকিম।
সম্প্রতি তৃণমূলের কর্মিসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় দলীয় কর্মীদের ঘরে ঘরে পৌঁছে প্রচারের বার্তা দিয়েছিলেন। সেই নির্দেশ মেনেই কর্মীদের নিয়ে সক্রিয়ভাবে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন ফিরহাদ। এদিন চেতলার ৮২ নম্বর ওয়ার্ডের মিতালীবাগান এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি এবং মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজ তুলে ধরেন।
ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক লড়াই এ বার বিশেষ তাৎপর্যপূর্ণ। এই কেন্দ্র থেকেই লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে এই কেন্দ্রের প্রচার ঘিরে দুই শিবিরেই তৎপরতা তুঙ্গে।
নির্বাচন যত এগোচ্ছে, ততই ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। তৃণমূল ও বিজেপি, উভয় পক্ষই শেষ মুহূর্তে ভোটারদের কাছে পৌঁছতে মরিয়া হয়ে উঠেছে।
অন্যদিকে, প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য নিয়ে তীব্র আপত্তি তুলেছে বিজেপি। তাঁদের অভিযোগ, মমতার মন্তব্য ভোটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করছে। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে এই বিষয়ে অভিযোগ জানিয়েছে বিজেপির প্রতিনিধরা। মঙ্গলবারও অভিযোগ জানিয়েছেন শুভেন্দু-শমীকরা।