
বাংলায় বিধানসভা নির্বাচন ঘিরে নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। রাজ্যে শান্তিপূর্ণ ভোট পরিচালনার লক্ষ্যে ভিন রাজ্য থেকে প্রায় ৩ হাজার সশস্ত্র পুলিশ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের আবেদনও খারিজ করেছে কমিশন।
কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম দফার ভোটে ইতিমধ্যেই বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী-সহ প্রায় ২৪০০ বাহিনী রাজ্যে রয়েছে। তবে তাতেও সন্তুষ্ট নয় কমিশন; অতিরিক্ত নিরাপত্তার জন্য এবার ভিন রাজ্য থেকে আরও ৩ হাজার সশস্ত্র পুলিশ আনা হচ্ছে।
সূত্রের খবর, উত্তরপ্রদেশ, বিহার ও মধ্যপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে এই বাহিনী আনা হবে। উল্লেখযোগ্যভাবে, এই রাজ্যগুলিতে বর্তমানে বিজেপি ক্ষমতায় রয়েছে। যদিও শুধু বিজেপি শাসিত রাজ্য নয়, অন্যান্য রাজ্য থেকেও পুলিশ এনে নির্বাচনী নিরাপত্তায় কাজে লাগানো হবে বলে জানিয়েছে কমিশন। আগামী ১৩ এপ্রিল থেকেই ধাপে ধাপে এই বাহিনী বাংলায় পৌঁছতে শুরু করবে।
এদিকে, সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানান। তবে সেই আবেদন খারিজ করে কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছে, তাঁকে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজে যোগ দিতে হবে।
জানা গিয়েছে, তামিলনাড়ুর তিরুনেলভেলি, অম্বাসমুদ্রম, পালায়মকোট্টাই, নাঙ্গুনেরি ও রাধাপুরম এলাকায় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে হবে তাঁকে। সোমবারের মধ্যেই সেখানে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই নিরাপত্তা নিয়ে কড়া অবস্থান নিচ্ছে নির্বাচন কমিশন। অতিরিক্ত বাহিনী মোতায়েন ও প্রশাসনিক কড়াকড়ির মাধ্যমে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই এখন কমিশনের প্রধান লক্ষ্য।