আরজি কর নির্যাতিতার মায়ের প্রতিক্রিয়াআরজি করের নির্যাতিতার মা পানিহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়ানোয় উত্তর ২৪ পরগনার এই কেন্দ্র এখন রাজ্য রাজনীতির অন্যতম চর্চার কেন্দ্রবিন্দু। মেয়ের বিচার চেয়ে তাঁর সরব অবস্থান ইতিমধ্যেই ভোটের সমীকরণে বড় প্রভাব ফেলতে শুরু করেছে।
এই কেন্দ্রের বাম প্রার্থী সিপিএমের কলতান দাশগুপ্ত অতীতে অভয়ার বিচার দাবিতে পথে নেমে আন্দোলন করেছেন, এমনকি জেলও খেটেছেন। যদিও সিপিএমের সমালোচনা করলেও কলতানকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাননি নির্যাতিতার মা রত্না দেবনাথ। তাঁর মূল নিশানা এখন শাসক দল তৃণমূল। ফলে মেয়ের বিচারকে সামনে রেখে তাঁর এই রাজনৈতিক লড়াই পানিহাটিতে নতুন মাত্রা যোগ করেছে।
পানিহাটি বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক নির্মল ঘোষ দীর্ঘদিন ধরে এলাকার রাজনৈতিক নেতৃত্বে ছিলেন। ১৯৯৬ সালে কংগ্রেসের টিকিটে জয় দিয়ে শুরু, পরে তৃণমূলের হয়ে একাধিকবার জিতেছেন তিনি। যদিও এবারের নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তাঁর পরিবর্তে তৃণমূল প্রার্থী হয়েছেন তাঁরই পুত্র তীর্থঙ্কর ঘোষ।
তবে অভয়ার মা নির্বাচনে নামায় তীর্থঙ্করের লড়াই নিঃসন্দেহে কঠিন হয়ে উঠেছে। উন্নয়ন ইস্যুকে ছাপিয়ে এখন পানিহাটির প্রধান আলোচ্য বিষয় ‘আরজি করের বিচার’। এই আবেগকে কাজে লাগাতে চাইছে বিজেপি, আর সেই চ্যালেঞ্জ মোকাবিলায় মরিয়া শাসক দল।
এই পরিস্থিতিতে তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতে সোমবার পানিহাটিতে দলের প্রার্থী ও নেতাদের নিয়ে বৈঠক করেন দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক। আসন্ন ভোটে এই কেন্দ্র ধরে রাখা এখন তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।