মমতা বন্দ্যোপাধ্যায়।-ফাইল ছবিভোটের মুখে বনগাঁর মতুয়াগড়ে দাঁড়িয়ে বাদ পড়া ভোটারদের নাম পুনরায় তালিকাভুক্ত করার দাবি নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত চ্যালেঞ্জের সুরে তিনি জানিয়ে দিলেন, প্রয়োজন হলে ট্রাইব্যুনালে গিয়ে এই নামগুলি ফের তোলার চেষ্টা করবেন।
নির্বাচন কমিশন এসআইআরে বিচারাধীন ভোটারদের তালিকা প্রকাশ করার পরই এই বিতর্কের সূত্রপাত। জানা গিয়েছে, প্রায় ৬০ লক্ষ বিচারাধীন নামের মধ্যে ৩২ লক্ষের কিছু বেশি ভোটারকে ‘যোগ্য’ হিসেবে ধরা হয়েছে। তবে বেশ কিছু নাম বাদ পড়েছে, কিন্তু সেই বাদ পড়া নামগুলির বিস্তারিত ব্যাখ্যা কমিশনের তরফে দেওয়া হয়নি।
এই পরিস্থিতিতে বনগাঁর খয়রামাড়ি স্টেডিয়ামে নির্বাচনী সভা থেকে মমতা বলেন, 'যে সমস্ত ভোটারের নাম বাদ পড়েছে, তাঁদের নাম তুলতে আমি ট্রাইব্যুনালে যাব। চেষ্টা করব ভোটের আগেই যেন নামগুলি ফের অন্তর্ভুক্ত করা যায়। এটা পরিকল্পিতভাবে করা হয়েছে, ভোটের পরে নাম তোলার জন্য।'
তিনি আরও অভিযোগ করেন, অনেক ক্ষেত্রেই প্রকৃত ভোটারদের নাম কেটে দেওয়া হয়েছে। যেমন, বিয়ে হয়ে অন্য জায়গায় চলে যাওয়া মহিলাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তাঁর কথায়, 'এভাবে নাম কেটে দেওয়া অন্যায়। এই নামগুলো ফের তুলতেই হবে।'
মতুয়া সম্প্রদায়ের প্রসঙ্গ টেনে তৃণমূল নেত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁদের অধিকার খর্ব করার চেষ্টা বরদাস্ত করা হবে না। 'হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার ভোটাধিকার রক্ষা করতে হবে। কেউ যদি তা কেড়ে নেওয়ার চেষ্টা করে, তার জবাব দেওয়া হবে',স্পষ্ট বার্তা তাঁর।
এছাড়াও, ডিটেনশন ক্যাম্পের প্রসঙ্গ তুলে তিনি বলেন, 'বাংলায় কোনওভাবেই ডিটেনশন ক্যাম্প হতে দেওয়া হবে না।'