সাবিত্রী মিত্র (বাঁ দিকে), মমতা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)মালদার মানিকচকে দলীয় প্রার্থী কবিতা মণ্ডলের হয়ে প্রচার করতে গিয়ে বিদায়ী বিধায়কের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। কেন এই কেন্দ্র প্রার্থী বদল করা হল, তার ব্যাখ্যা দিলেন মমতা।
শনিবার বক্তব্যের শুরুতেই মমতা বলেন, 'মানিকচকে আজ নির্বাচন বলে নয়, ভুতনির চকেই এসেছি। কেউ আসেনি। তখনই ঠিক করেছিলাম সেতু তৈরি করব। ভাঙন রোধে আমি অনেক কাজ করেছি।'
এরপরই মমতার সংযোজন, 'সাবিত্রী আজ অসুস্থ। আসতে পারেনি। ও ভুতনির চক নিয়ে অনেকবার কথা বলেছে। সে শয্যাশায়ী। তাই টিকিট দিতে পারিনি। নতুন প্রার্থী কবিতাকে টিকিট দিয়েছি। ও সাবিত্রীর সঙ্গে দেখা করেছে। সাবিত্রী বলেছে, আমার কথা দিদিকে বলো। এখানে আসব আর ওকে ভুলে যাব, হয় নাকি!'
বিদায়ী বিধায়ক সাবিত্রী মিত্র একসময়ে রাজ্য মন্ত্রিসভার সদস্যও ছিলেন। সেই কেন্দ্রে কেন তাঁকে প্রার্থী করা হল না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। জানা গিয়েছে, সাবিত্রী মিত্র বেশ কিছুদিন ধরেই অসুস্থ। পক্ষাঘাতগ্রস্ত হয়েছিলেন তিনি। হায়দ্রাবাদে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। কলকাতায় ফিরে আসার পর ফের অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। টানা ২ মাস সেখানে চিকিৎসাধীন থাকার পর ছাড়া পেয়েছেন। তবে দীর্ঘদিন অসুস্থতার কারণে দলীয় কোনও কর্মসূতি দেখা যায়নি তাঁকে। মানিকচকেও দীর্ঘদিন যাননি। রয়েছেন মালদা শহরের বাড়িতে।
শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনী দখল সামলাতে পারবেন না বলেই তাঁকে আরা টিকিট দেওয়া হয়নি বলে স্পষ্ট করলেন দলনেত্রী।