মালদার ঘটনায় NIA ভোটের বাংলায় মালদার কালিয়াচকের ঘটনায় হস্তক্ষেপ করেছ দেশের শীর্ষ আদালত। ৭ বিচার বিভাগীয় আধিকারিককে ৯ ঘণ্টা ধরে ঘেরাও করে রাখার ঘটনায় NIA কিংবা CBI-কে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় ঘটনার তদন্তভার দেওয়া হবে NIA-কে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আদালতে একটি প্রাথমিক রিপোর্ট দিতে বাধ্য থাকবে তারা।
সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করে NIA-কে একটি চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। NIA-এর ডিরেক্টর জেনারেলকে জানানো হয়েছে, মালদার কালিয়াচকের অশান্তির ঘটনা নিয়ে প্রয়োজনীয় তদন্ত করা হোক এবং প্রাথমিক একটি রিপোর্ট সরাসরি সুপ্রিম কোর্টে জমা করা হোক।
কমিশন সূত্রে খবর, এই স্পর্শকাতর ঘটনার তদন্ত শুরু করার জন্য NIA-এর একটি দল শুক্রবার রাজ্যে এসে পৌঁছতে পারে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যাতেই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে একটি জরুরি বৈঠকও করেন।
উল্লেখ্য, SIR-এ নাম বাদ পড়ার অভিযোগে মালদার মোথাবাড়ি, সুজাপুর দফায় দফায় উত্তেজিত হয়ে উঠেছিল বুধবার। কালিয়াচক-২ ব্লক অফিসের ভিতর রাত পর্যন্ত আটকে রাখা হয় SIR-এর কাজে নিযুক্ত ৭ বিচারককে। তার মধ্যে ছিলেন ৩ মহিলাও। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল গোটা ঘটনা সুপ্রিম কোর্টকে জানান। তারপরই বৃহস্পতিবার SIR মামলার শুনানিতে এই ঘটনা নিয়ে রাজ্য প্রশাসনকে ভর্ৎসনা করে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ।
এরপরেই নির্বাচন কমিশন জরুরি বৈঠকে বসে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে। জ্ঞানেশের ভর্ৎসনার মুখে পড়েন পুলিশ আধিকারিকেরা। শেষ পর্যন্ত মালদা কাণ্ডের তদন্তে NIA-এর হাতে তুলে দেওযার সিদ্ধান্ত নেয় কমিশন।