অভিষেক বন্দ্যোপাধ্যায়'আজ থেকে ৫ বছর আগে যেভাবে সাধারণ মানুষকে গুলি করে ঝাঁঝরা করে এই শীতলকুচির মাটিতে মেরেছিল, হত্যা করেছিল, সেই হত্যাকারী বিজেপিকে একটা ভোটও নয়।' শীতলকুচিতে ভোট প্রচারের সভায় এমনটাই বললেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উস্কে দিলেন ২০২১ সালের ভোটের ভয়াবহ স্মৃতি।
প্রসঙ্গত, সেই দিন শীতলকুচির জোড়া পাটকিতে ১২৬ নম্বর বুথের বাইরে সকালে গুলি চালানোর অভিযোগ ওঠে সিআরপিএফের বিরুদ্ধে। বিনা প্ররোচনায় কেন্দ্রীয় বাহিনী গুলি চালায় বলে অভিযোগ। তাতে ৪ জনের মৃত্যু এবং ৪ জন আহত হয়েছিলেন বলে খবর। আর আজ শীতলকুচির সভায় গিয়ে সেই স্মৃতিই আবার উস্কে দিলেন অভিষেক।
তাই তিনি এবার একটা ভোটও বিজেপিকে না দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, 'মনে মনে প্রতিজ্ঞা নিয়ে এমনভাবে ভোট দেবেন, যেন ৪ তারিখ ভোট বাক্স খুললে বিজেপি নেতার চোখে সর্ষে ফুল দেখেন।'
দলীয় কর্মীদের সেলাম
এ দিন অভিষেক জানান, ৫ বছর লড়াই করে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছে অনেক তৃণমূল কর্মী। তাঁরা বিজেপিকে প্রায় সাইডলাইন করে দিয়েছে। এই কারণেই তাঁদের সেলাম জানিয়েছেন তৃণমূলের নম্বর ২।
আলু চাষিদের ভাল খবর
এদিন অভিষেক দাবি করেন, গত কয়েক বছরে এখানে অনেকেই আলু চাষ করেন। কিন্তু এখানে তেমন কোনও হিমঘর নেই। সেটা অনেক দূরে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এলে এই সমস্যার সমাধান হবে বলে ঘোষণা করেন তিনি।
তাঁর কথায়, 'সরকার আসার পর ৫০টা কোল্ড স্টোরেজ তৈরি করা হবে। আমরা হিমঘর করব শীতলকুচিতে।'
ব্যবধান বাড়াতে হবে
এই সভা থেকে শীতলকুচির তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জেতানোর আহ্বান করেন অভিষেক। তাঁর কথায়, 'যাঁরা জিতেছিল, তাঁদের ব্যবধান বাড়াতে হবে। আর যাঁরা প্রথমবার দাঁড়াচ্ছে, তাঁদের এমনভাবে জেতাতে হবে, যাতে বিজেপির কোনও জল্লাদ, হার্মাদ মাথা তুলে মানুষের কথা ১০০ বছরে আর না ভাবে।'
তাঁর আরও সংযোজন, 'বিজেপির প্রার্থীরা বাড়িতে ভোট চাইতে গেলে বলবেন, চিন্তা নেই, তোমাদেরই ভোট দেব। আর ২৩ তারিখ যখন লাইনে দাঁড়াবেন, তখন যেভাবে ৫ বছর আপনাকে কষ্ট দিয়েছে, যেভাবে বাংলার মানুষকে বঞ্চিত, লাঞ্চিত, অত্যাচারিত করেছে, তাঁদের একটি ভোও নয়।'