মালদায় পুলিশকে আক্রমণSIR-এ নাম বাদ নিয়ে উত্তপ্ত মালদা। বুধবার থেকেই দফায় দফায় অবরোধ চলছে ১২ নম্বর জাতীয় সড়কে। আর আজ মালদার ইংলিশবাজারের জাদুপুর এলাকায় অবরোধ তুলতে গেলে পুলিশের উপর আক্রমণ চালায় উপস্থিত জনতা। এর ফলে এক পুলিশকর্মী আহত বলে খবর মিলেছে।
এমন পরিস্থিতিতে কড়া অ্যাকশন নেয় পুলিশ। তাদের পক্ষ থেকে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ফায়ার করা হয় বলে জানা গিয়েছে।
যতদূর খবর, SIR-এ অনেকের নাম বাদ গিয়েছে। তাঁরা চাইছেন যাতে দ্রুত তোলা হয় নাম। তাই তাঁরা জাতীয় সড়ক অবরোধ করেছিলেন। সেই কারণে রাস্তার উপর গাড়ির লাইন পড়ে যায়। এমন পরিস্থিতিতে অবরোধ তুলতে সেখানে পৌঁছে যায় পুলিশ। তাঁরা চেষ্টা করে যত দ্রুত সম্ভব অবরোধ তুলে দেওয়ার। আর তখনই তাঁদের উপর হামলা হয় বলে অভিযোগ। তাতে একজন পুলিশকর্মী আহত বলে জানা যাচ্ছে। তখন উত্তপ্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাসের সেল ফায়ার করে। আর ঘটনার পর এখনও এলাকা উত্তপ্ত।
কেন এমন ঝামেলা?
এই ঝামেলার সূত্রপাত বুধবার। SIR আবহে ভোটার লিস্ট থেকে অনেকের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে বিকেল ৪টে নাগাদ কালিয়াচক এলাকায় ৭ জন বিচার বিভাগীয় আধিকারিককে ঘেরাও করে রাখা হয়।
এই খবর পেলে সেখানে পৌঁছে যায় পুলিশ। তাঁরা সেখানে উপস্থিত জনতাকে বুঝিয়ে ১২টা নাগাদ জুডিশিয়াল অফিসারদের বের করে আনে। আর যতদূর খবর, জুডিশিয়াল অফিসারদের বের করে আনার সময় গাড়িতে হামলা চালানো হয়।
কাল রাত থেকেই বন্ধ জাতীয় সড়ক
কাল থেকেই ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল। দফায় দফায় একাধিক জায়গায় অবরোধ চলে। তারপর পুলিশের চেষ্টায় সকালে অবরোধ ওঠে। কিন্তু আবার অবরোধ শুরুও হয় একাধিক জায়গায়। সেখানে অবরোধ তুলতে গিয়েই মার খেল পুলিশ। তাদের উপর চলল আক্রমণ। তাতে একজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর মিলেছে।
মমতার যা দাবি...
এই পরিস্থিতিতে সকলকে শান্ত থাকতে বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরামর্শ, এখন মাথা ঠান্ডা রাখতে হবে। কারও প্ররোচনায় পা দিলে চলবে না। তিনি ডিলিটেড ভোটারদের সঙ্গে রয়েছেন বলেও জানালেন তিনি।
যদিও বিজেপির আবার পাল্টা দাবি, মমতার উস্কানিতেই এমনটা হচ্ছে। তিনিই এর জন্য দায়ী।