শুভেন্দু অধিকারী ২০২১ সালের পর ২০২৬-এও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা করলেন শুভেন্দু অধিকারী। তবে এবারের নির্বাচনে তাঁর সামনে চ্যালেঞ্জটাও দ্বিগুণ। নন্দীগ্রামের পাশাপাশি এবার শুভেন্দু ভবানীপুরেরও BJP প্রার্থী। তবে তাঁর সম্পতির অঙ্কটা ডাবল হওয়ার বদলে বেশ কিছুটা কমে গিয়েছে।
মনোনয়ন পর্বের প্রথম দিনই নন্দীগ্রাম বিধানসভা আসনের জন্য নিজের হলফনামা জমা করলেন শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, সম্পদের হিসেবও ঘোষণা করেছেন তিনি।
৫ বছর আগে, গত বিধানসভা নির্বাচনের মনোনয়নে জমা দেওয়া হিসেব অনুযায়ী, শুভেন্দুর মোট সম্পত্তির পরিমাণ ছিল ৯০ লক্ষ ৬ হাজার ১৪৯ টাকা ৩২ পয়সা। এই ৫ বছরে কতটা বাড়ল বিরোধী দলনেতার স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ?
আয়কর
২০২৪-২৫ অর্থবর্ষে শুভেন্দু অধিকারী মোট আয়কর দিয়েছেন ১৭ লক্ষ ৩৮ হাজার ৫৯০ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে দিয়েছিলেন ১০ লক্ষ ৩৭ হাজার ১৬০ টাকা, ২০২২-২৩ অর্থবর্ষে দিয়েছিলেন ৮ লক্ষ ৭৮ হাজার ৪০০ টাকা এবং ২০২১-২২ অর্থবর্ষে দিয়েছিলেন ৮ লক্ষ ৮ হাজার ৪৬১ টাকা।
অস্থাবর সম্পত্তি
এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর হাতে রয়েছে নগদ ১২ হাজার টাকা। তাঁর নিজের কোনও গাড়ি নেই। নেই কোনও সোনাদানাও। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছে BJP প্রার্থীর। যেখানে মোট জমা রয়েছে ২৪ লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকা। এই তালিকায় রয়েছে কিষাণ বিকাশ পত্র, ডাকঘরের সঞ্চয় প্রকল্পে একাধিক বিনিয়োগও।
স্থাবর সম্পত্তি
এগরা এবং নন্দীগ্রামে জমি রয়েছে শুভেন্দুর নামে। ২.৪৬ একর কৃষি জমির মালিক তিনি। একটি জমির মূল্য ১ লক্ষ ৫ হাজার। অপরটির ৮ লক্ষ। সম্পত্তির শেষ এখানেই নয়। তমলুকের পার্বতীপুরে মণী।া অ্যাপার্টমেন্টে ৪৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে। কুমারপুর মৌজায় রয়েছে নিবেদিতা আবাসনের ১১৫২ স্কোয়্যারফিটের ফ্ল্যাট, কারকুলিতে সাড়ে ৪ হাজার স্কোয়্যারফুটের আবাসিক ভবন। সব মিলিয়ে স্থাবর সম্পত্তির পরিমাণ ৬১ লক্ষ ৩০ হাজার টাকা।
মোট সম্পত্তির পরিমাণ
স্থাবর ও অস্থাবর মিলিয়ে শুভেন্দু মোট ৮৫ লক্ষ ৮৭ হাজার ৬০০ টাকার মালিক। যা ২০২১ সালের তুলনায় ৪ লক্ষ ১৮ হাজার ৫৪৯ কম।
শিক্ষাগত যোগ্যতা
২০১১ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর পাশ করেন।
মামলা
শুভেন্দুর হলফনামার ১৯-২০টি পাতা জুড়ে রয়েছে তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের হওয়া একের পর এক মামলা। গড়বেতা, চাঁচল, খড়গপুর, খড়দা, লালগড়, সাঁকরাইল, জামবনি, ঝাড়গ্রাম, বেলেঘাটা, বউবাজার, ভূপতিনগর, হেয়ার স্ট্রিট, দুর্গাচক, আলিপুরদুয়ার, কুলটি, পাঁশকুড়া, ময়দান, কাঁধি, জোড়াসাঁকোর থানায় অভিযোগ রয়েছে শুভেন্দুর নামে। এগুলির একাধিক কেস বিভিন্ন লোয়ার কোর্টে চলছে। আদিবাসীদের অসম্মান, সরকারি সম্পত্তি ভাঙচুর, আর্থিক দুর্নীতি, সাম্প্রদায়িক হিংসার চেষ্টা, খুনের চেষ্টা এমনকী পকসো কেসেও অভিযুক্ত শুভেন্দু।