মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্পে আবেদনকারীদের জন্য বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানালেন, যাঁরা এই প্রকল্পে আবেদন করেছেন, তাঁরা প্রত্যেকেই শীঘ্রই আর্থিক সহায়তা পাবেন। বর্তমানে আবেদন প্রক্রিয়ার কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং খুব তাড়াতাড়িই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
বৃহস্পতিবার মুর্শিদাবাদের সূতির ছাপঘাটি কেডি হাইস্কুল মাঠে আয়োজিত জনসভা থেকে এই ঘোষণা করেন তৃণমূল নেত্রী। দলীয় প্রার্থী ইমানী বিশ্বাস ও রঘুনাথগঞ্জের প্রার্থী তথা মন্ত্রী আখরুজ্জামানের সমর্থনে আয়োজিত এই সভায় যুবসমাজের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নেত্রীর ঘোষণার পরেই সভামঞ্চে উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যুবসাথী ভাইবোনদের জন্য এই অর্থ মূলত হাতখরচ। এর জন্য কাউকে আর কারও কাছে হাত পাততে হবে না।' পাশাপাশি তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে যুবকদের কর্মসংস্থানের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এদিনের ভাষণে তিনি রাজ্যের উন্নয়নকেই নিজের প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেন। তরুণ প্রজন্মের আর্থিক স্বনির্ভরতা এবং কর্মসংস্থান প্রসারে সরকারের নানা উদ্যোগের কথাও উল্লেখ করেন। বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, 'যাঁরা কাজ করেন, তাঁদের বিরুদ্ধেই বেশি সমালোচনা হয়। তবে মানুষের আশীর্বাদ থাকলে কোনও বাধাই টিকতে পারে না।'
সভায় উপস্থিত একাধিক যুবক-যুবতী তাঁদের অভিজ্ঞতাও ভাগ করে নেন। কেউ কেউ জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে, আবার কেউ আশ্বাস পেয়েছেন খুব শীঘ্রই তা পাবেন।
এছাড়াও কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারসহ বিভিন্ন জনমুখী প্রকল্পের উল্লেখ করে মুখ্যমন্ত্রী দাবি করেন, বাংলার মানুষ উন্নয়নের পক্ষেই রায় দেবেন। সূতি কেন্দ্রের প্রার্থী ইমানী বিশ্বাসকে ‘ঘরের ছেলে’ বলে উল্লেখ করে তাঁকে বিপুল ভোটে জেতানোর আবেদনও জানান তিনি।