Advertisement
বাংলাদেশ

Bangladesh Unrest: বাংলাদেশজুড়ে আওয়ামী লিগের ডাকে লকডাউন, জ্বলছে গোটা দেশ, এরপর কী?

জ্বলছে গোটা বাংলাদেশ, পরিস্থিতি উত্তপ্ত
  • 1/7

ঠিক দু'বছর আগে ২০২৪ সালে শেখ হাসিনা সরকার ফেলতে ও হাসিনাকে দেশছাড়া করতে হিংসাত্মক আন্দোলনের সাক্ষী থেকেছিল বাংলাদেশ। ২০২৬ সালেও একই রকম অরাজক পরিস্থিতি। এ বারও ইস্যু সেই শেখ হাসিনা। এ বার হাসিনার ঢাকা ফেরার জল্পনাকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি। একই সঙ্গে বাংলাদেশের বস্ত্রশিল্পের শ্রমিকরাও রাস্তায় নেমেছেন মজুরি বৃদ্ধির দাবিতে। সব মিলিয়ে বাংলাদেশ আবার নরককুণ্ড!  আজ অর্থাত্‍ বৃহস্পতিবার বাংলাদেশে লক-ডাউন ডাক দিয়েছে আওয়ামী লিগ। আওয়ামী লিগ দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান শক্তি ছিল। মুজিবকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ক্ষমতায় ছিল এই দল। কিন্তু ২০২৪ সালের ছাত্র আন্দোলনের জেরে হাসিনা সরকারের পতন হয়। দেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হন তিনি। এরপর মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। সেই সরকার আওয়ামী লিগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করে। দলটির সহযোগী সংগঠন যুব লিগ ও ছাত্র লিগের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়।

আজ আওয়ামী লিগ দেশজুড়ে লকডাউন ডাক দিয়েছে
  • 2/7

তবে এ বার  প্রকাশ্যে আসতে শুরু করেছেন আওয়ামী লিগের নেতা-কর্মীরা। বিশেষ করে হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে দলীয় কর্মীদের তৎপরতা বেড়েছে। বিভিন্ন জায়গায় মিছিল, জমায়েত ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তাঁরা। উঠছে 'জয় বাংলা' স্লোগান। অভিযোগ, বেশ কিছু জায়গায় আওয়ামী লিগ ও ছাত্র লিগের কর্মীদের হাতে দা, কুড়ুল-সহ ধারালো অস্ত্রও দেখা গিয়েছে। একাধিক রাস্তা অবরোধের ঘটনাও ঘটেছে। আজ লক ডাউনকে আওয়ামী লিগের পাঁচ দিনের প্রতিবাদ কর্মসূচির শেষ পর্ব। ১৪ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির কথা ঘোষণা করেছিল হাসিনার দল। তাদের দাবি, আওয়ামী লিগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ দিতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রক্রিয়া বাতিল করতে হবে। দলের ঘোষিত আট দফা দাবির মধ্যে রয়েছে রাজনৈতিক বন্দিদের মুক্তি, হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় ও দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করা।
 

জ্বলছে গোটা বাংলাদেশ, পরিস্থিতি উত্তপ্ত
  • 3/7

আওয়ামী লিগ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী, ১৪ নভেম্বর থেকে লিফলেট বিলি, দেওয়াল লিখন ও জনসংযোগের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। ১৫ নভেম্বর মিছিল ও বিক্ষোভ দেখান দলীয় কর্মীরা। ১৬ নভেম্বর বিভিন্ন জেলা প্রশাসন, বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কাছে স্মারকলিপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ১৭ নভেম্বর হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে 'কালা দিবস' পালন করে আওয়ামী লিগ।
 

Advertisement
জ্বলছে গোটা বাংলাদেশ, পরিস্থিতি উত্তপ্ত
  • 4/7

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি গোপালগঞ্জে। এই জেলারই টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার জন্মস্থান। সেই টুঙ্গিপাড়া থানায় জ্বালিয়ে দেওয়া হয়েছে। শেখ কামাল স্টেডিয়ামের কাছে জুলাই স্মারকও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে খবর। দীর্ঘদিন বন্ধ থাকার পর গোপালগঞ্জে জেলা আওয়ামী লিগের অফিসও ফের খোলা হয়েছে। অন্যদিকে, ওই দিনই সন্ধ্যায় বিএনপির নেতা-কর্মীদের অন্তত সাতটি বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন টুঙ্গিপাড়া পুরসভার বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লা। তাঁর বাড়িতে লুঠপাট চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের খবর।
 

জ্বলছে গোটা বাংলাদেশ, পরিস্থিতি উত্তপ্ত
  • 5/7

মঙ্গলবার সন্ধ্যায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয়। টুঙ্গিপাড়ায় আওয়ামি লিগ ও ছাত্র লিগের কয়েকজন কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাঁদের মুক্তির দাবিতে থানার সামনে জড়ো হন দলীয় সমর্থকেরা। মসজিদের মাইকে ঘোষণা করে লোকজনকে জমায়েতের আহ্বান জানানো হয়েছিল বলে প্রথম আলো ও ডেইলি স্টারের প্রতিবেদনে দাবি করা হয়েছে। অভিযোগ, এরপর বিক্ষোভকারীরা থানায় ঢুকে ভাঙচুর চালান। থানা ভবন ও পুলিশের একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। কয়েকজন আটক ব্যক্তিকে মুক্ত করে নিয়ে যাওয়ার পাশাপাশি থানা থেকে আগ্নেয়াস্ত্র লুঠের অভিযোগও উঠেছে। এই হামলার পর গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি সাংসদ এস এম জিলানির বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

জ্বলছে গোটা বাংলাদেশ, পরিস্থিতি উত্তপ্ত
  • 6/7

বাংলাদেশের সংবাদপত্র 'প্রথম আলো'র খবর অনুযায়ী,থানায় হামলার ঘটনায় পুলিশের ন'টি গাড়ি এবং ১৫টি মোটরবাইক পুড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে হামলাকারীদের 'জয় বাংলা' স্লোগান দিতে শোনা গিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বুধবারও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন জায়গায় দা ও কুড়ুল হাতে আওয়ামি লিগ এবং ছাত্র লিগের কর্মীদের দেখা গিয়েছে। প্রথম আলো-র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, অন্তত ছ'টি জায়গায় গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে রাস্তা অবরোধ করেছিলেন বিক্ষোভকারীরা। তাঁদের কয়েকজন জানিয়েছেন, বৃহস্পতিবারের লকডাউন সফল করতেই তাঁরা রাস্তায় নেমেছেন। 
 

বাংলাদেশে ২৯টি জায়গায় বোমা বিস্ফোরণ
  • 7/7

শুধু গোপালগঞ্জ নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই অশান্তির খবর মিলছে। বাস, ট্রেন, রাজনৈতিক দলের কার্যালয়, সরকারি প্রতিষ্ঠান এবং আর্থিক প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একাধিক জায়গায় ককটেল বা হাতবোমা বিস্ফোরণের অভিযোগও উঠেছে। সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, ৭ থেকে ৯ নভেম্বরের মধ্যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় অন্তত ১৯টি বাসে আগুন লাগানো হয়। ২৯টি জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। নেত্রকোনায় হাওর এক্সপ্রেসের একটি কামরায় আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ এবং কলা অনুষদের কাছেও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যেই গাজিপুর, সাভার ও আশুলিয়ায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বিক্ষোভ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমেছেন শ্রমিকেরা। একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করা হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষের পাশাপাশি বিভিন্ন যানবাহনে হামলার ঘটনাও ঘটেছে। বুধবার গাজিপুরে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিএনপি নেতৃত্বাধীন সরকারের উপর চাপ বাড়ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা বিএনপি প্রধান তারেক রহমান দলীয় সাংসদদের নিজ নিজ নির্বাচনী এলাকায় ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন বলে খবর। নিষিদ্ধ আওয়ামি লিগের রাজনৈতিক কর্মসূচির মোকাবিলা করতে দলীয় সাংসদদের সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement