বাংলাদেশে ভয়াবহ দুর্ঘটনা বাংলাদেশে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থলেই প্রাণ হারালেন ১৫ জন। ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার ভোর সাড়ে ৪টে নাগাদ ঢাকা-টাঙ্গাইল রোডের কালিহাতির সরাতৈল এলাকায় একটি রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। সেখানেই মৃত্যু হয় ১৫ জনের। এছা়ড়াও আরও ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।
স্থানীয় ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান জানিয়েছেন, উত্তর-পশ্চিম বাংলাদেশের সঙ্গে দেশের মধ্যাঞ্চলের যোগাযোগকারী যমুনা সেতুর পূর্ব দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়েই সেখানে গিয়েছিল দমকল বাহিনী। আহত ১০ জনকে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে খবর, লরিটিতে লোহার রডের পাশাপাশি কয়েক জন যাত্রীও ছিলেন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে লরিটি উল্টে যায়।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান জানিয়েছেন, চট্টগ্রাম বন্দর শহর থেকে উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে যাচ্ছিল লরিটি। ইদের ভিড়ের কারণে পথে বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা ওই লরিতে উঠেছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
পুলিশের আরও দাবি, কম খরচে যাতায়াতের জন্য অথবা নিয়মিত যাত্রীবাহী যানবাহনের টিকিট না পেয়ে অনেক দরিদ্র মানুষ বাধ্য হয়ে লরিতে যাতায়াত করেন। এক্ষেত্রেও তেমনই কিছু হয়ে থাকতে পারে।
তবে মৃত ১৫ জনের পরিচয় এখনও জানা যায়নি। জানার চেষ্টা চলছে।
বিশ্বের মধ্যে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অন্যতম বেশি। বেপরোয়া গাড়ি চালানো, অযোগ্য যানবাহন এবং খারাপ রাস্তার অবস্থাকে সাধারণত এই ধরনের দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ধরা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২১ সালের একটি রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩২ হাজার মানুষের মৃত্যু হয় সড়ক দুর্ঘটনায়।