Bangladesh Latest Update: হাসিনার প্রত্যাবর্তনে তারেকের গদি টলমল? জোড়াফোলায় জ্বলছে বাংলাদেশ

হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণার মধ্যেই সোমবার তাঁর নিজের জেলা গোপালগঞ্জে প্রকাশ্যে রাজনৈতিক শক্তিপ্রদর্শন করলেন আওয়ামি লিগের কর্মী-সমর্থকরা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলটির কার্যক্রম নিষিদ্ধ।

Advertisement
হাসিনার প্রত্যাবর্তনে তারেকের গদি টলমল? জোড়াফোলায় জ্বলছে বাংলাদেশবাংলাদেশ জ্বলছে
হাইলাইটস
  • বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ
  • ২০২৪ সালের ৫ অগাস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়ল। সেই আগুনে নতুন করে ঘি দিয়েছে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা। তা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে সেই দেশে। অন্যদিকে হাসিনার নিজের জেলা গোপালগঞ্জে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তায় নেমেছে আওয়ামি লিগের কর্মী-সমর্থকরা। সোমবার সেই মিছিল ঘিরে সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণ ও দোকান ভাঙচুরের ঘটনায় অন্তত ৩০ জন জখম হন। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 

আওয়ামি লিগ আগামী ২৯ ও ৩০ নভেম্বর দেশজুড়ে ৪৮ ঘণ্টার বনধের ডাক দিয়েছে। এই আবহে এখনও সেদেশে পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ১২ হাজার ৫০০ টাকা থেকে ন্যূনতম মাসিক বেতন বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শ্রমিকরা। একদিকে রাজনৈতিক প্রতিরোধ, অন্যদিকে অর্থনৈতিক অস্থিরতা। দুই দিকের চাপ সামলে তারেক রহমানের সরকার পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখতে পারে, এখন সেটাই বড় প্রশ্ন।

১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান হাসিনা, কী বললেন?

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ। ২০২৪ সালের ৫ অগাস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এবার আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফিরতে চান বলে জানিয়েছেন তিনি। তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি জানিয়েছেন, দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানের ব্যবস্থা করতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন হাসিনা।

এই ঘোষণার রাজনৈতিক তাৎপর্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের দিন। সেই দিনটিকেই দেশে ফেরার সম্ভাব্য তারিখ হিসেবে বেছে নেওয়া নিছক ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এর রাজনৈতিক বার্তাও রয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

তবে হাসিনার দেশে ফেরা এখনও নিশ্চিত নয়। বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থান, তিনি ফিরতে চাইলে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই ফিরতে হবে। গত বছর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছে। ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী বলপ্রয়োগের নির্দেশ দেওয়ার অভিযোগে এই সাজা ঘোষণা করা হয়। হাসিনা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। বাংলাদেশের সরকারের বক্তব্য, তিনি দেশে ফিরলে আদালতের রায় কার্যকর করার বিষয়টি সামনে আসবে। যদিও তা নিয়ে আওয়ামি লিগ বা হাসিনার তরফে কোনও বিবৃতি সামনে আসেনি। 

Advertisement

হাসিনার নিজের জেলা গোপালগঞ্জে আওয়ামি লিগের শক্তিপ্রদর্শন, সংঘর্ষে জখম ৩০

হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণার মধ্যেই সোমবার তাঁর নিজের জেলা গোপালগঞ্জে প্রকাশ্যে রাজনৈতিক শক্তিপ্রদর্শন করলেন আওয়ামি লিগের কর্মী-সমর্থকরা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলটির কার্যক্রম নিষিদ্ধ। তা সত্ত্বেও আওয়ামি লিগ এবং তাদের সহযোগী সংগঠনগুলির কর্মীরা মিছিল বের করে। সেই মিছিলকে কেন্দ্র করে জেলার একাধিক জায়গায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

'দ্য ডেইলি স্টার'-এর প্রতিবেদন অনুযায়ী, গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকা, ক্রিকেট স্টেডিয়ামের কাছে এবং কোটালিপাড়ার দক্ষিণ হিরণ গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। সব মিলিয়ে অন্তত ৩০ জন জখম হন। কমপক্ষে ১২ দোকানে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। 

স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে লঞ্চঘাট এলাকা থেকে আওয়ামি লিগের একটি মিছিল বের হয়। পরে দলীয় সভায় নেতাদের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে ঘোশেরচর ও চরমানিকদহ গ্রামের কয়েকজন যুবকের মধ্যে বচসা শুরু হয়। সেই বিবাদ ক্রমে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের চেহারা নেয়। গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামের কাছে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। স্থানীয়ভাবে তৈরি অস্ত্র ব্যবহার করার অভিযোগও উঠেছে। সেখানে চারটি হাতবোমা বিস্ফোরণ হয়। অন্তত সাতটি ফুলের দোকান ভাঙচুর করা হয়েছে। ওই ঘটনায় প্রায় ২০ জন আহত হন।

অন্যদিকে, কোটালিপাড়ার দক্ষিণ হিরণ গ্রামেও আওয়ামি লিগ, যুব লিগ ও নিষিদ্ধ ছাত্র লিগের কর্মীদের মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। সেখানে আরও ১০ জন জখম হন। 


২৯ ও ৩০ নভেম্বর দেশজুড়ে বন্ধের ডাক, বাড়ছে নিরাপত্তা

গোপালগঞ্জের ঘটনার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। আগামী ২৯ ও ৩০ নভেম্বর দেশজুড়ে ৪৮ ঘণ্টার শাটডাউনের ডাক দিয়েছে আওয়ামি লিগ। এই কর্মসূচির আগে বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।


তবে আওয়ামি লিগের ঘোষিত কর্মসূচি কতটা কার্যকর হয়, তা এখন দেখার। তবে রাজনৈতিক মহলের মতে,  গোপালগঞ্জের মতো হাসিনার রাজনৈতিক ঘাঁটিতে নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে কর্মীদের রাস্তায় নামা যে সরকারের কাছে রাজনৈতিক বার্তা, তা বলা যায়।

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে শ্রমিক আন্দোলন, বন্ধ শতাধিক কারখানা

রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি তৈরি পোশাক শিল্পেও পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন চলছে। শ্রমিকদের দাবি, বর্তমান ১২ হাজার ৫০০ টাকা মাসিক ন্যূনতম বেতন বাড়িয়ে ৩০ হাজার টাকা করতে হবে। তাঁদের বক্তব্য, খাদ্যপণ্য, বাড়িভাড়া, যাতায়াত ও চিকিৎসার খরচ যে হারে বেড়েছে, তাতে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

ঢাকা, গাজিপুর, আশুলিয়া ও সাভার-সহ বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন ছড়িয়েছে। একাধিক জায়গায় শ্রমিকরা রাস্তায় নেমে অবরোধ করেন। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড ও লাঠিচার্জের মতো পদক্ষেপ করা হয়েছে। কয়েকটি জায়গায় পাথর ছোড়া এবং যানবাহনে আগুন লাগানোর ঘটনাও সামনে এসেছে।

শ্রমিকদের আন্দোলনের জেরে বহু পোশাক কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। আল জাজিরার ২৩ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, মালিকপক্ষের সিদ্ধান্তে প্রায় ৫০০টি কারখানা বন্ধ হয়েছে। এর মধ্যে শ্রমিকদের বেতন নিয়ে আলোচনা করতেও বসেছে সরকার-নিযুক্ত মজুরি বোর্ড।

৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি, মালিকপক্ষের প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিকরা

বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারকদের সংগঠন বিজিএমইএ-র সমীক্ষা অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ৩১৭টি কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় আনুমানিক ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, প্রায় ২৫৪ মিলিয়ন ডলারের বিদেশি অর্ডার অন্য দেশে চলে গিয়েছে বলেও সংগঠনের সমীক্ষায় দাবি করা হয়েছে।

Advertisement

২৩ নভেম্বর সরকারি মজুরি বোর্ডের বৈঠকে মালিকপক্ষ নতুন বেতনের প্রস্তাব দেয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মালিকপক্ষ প্রায় ১৫ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব দিতে পারে। যদিও শ্রমিকদের ৩০ হাজার টাকার দাবির তুলনায় তা অনেকটাই কম। মজুরি বোর্ডের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ আজাদ সুবহানি জানিয়েছেন, প্রস্তাবিত ন্যূনতম মাসিক বেতন ১৪ হাজার ৫০০ টাকার বেশি। তবে প্রস্তাবের নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করা হয়নি।

শ্রমিক প্রতিনিধিরা এই প্রস্তাবে সন্তুষ্ট নন। তাঁদের বক্তব্য, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন নির্ধারণ না হলে আন্দোলন থামবে না। ফলে বাংলাদেশের পোশাক শিল্পে অস্থিরতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বছরে প্রায় ৩৮ বিলিয়ন ডলারের রফতানি আয় করে। প্রায় ৪০ লক্ষ মানুষ প্রত্যক্ষভাবে এই শিল্পের সঙ্গে যুক্ত। দেশের মোট রফতানি আয়ের বড় অংশই আসে এই ক্ষেত্র থেকে। ফলে দীর্ঘদিন উৎপাদন ব্যাহত হলে তার প্রভাব শুধু কারখানা বা মালিকদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, দেশের সামগ্রিক অর্থনীতিতেও পড়তে পারে।

রাজনৈতিক ও অর্থনৈতিক দুই ফ্রন্টে চ্যালেঞ্জ, কী করবেন তারেক রহমান?

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের সরকারের সামনে দুটি পৃথক কিন্তু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি হয়েছে। একদিকে নিষেধাজ্ঞার মধ্যেও আওয়ামি লিগের কর্মী-সমর্থকদের রাস্তায় নামা, গোপালগঞ্জের সংঘর্ষ এবং হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা। অন্যদিকে, পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি আন্দোলন ও উৎপাদন ব্যাহত হওয়ার ফলে অর্থনৈতিক চাপ।

হাসিনা সত্যিই ১৬ ডিসেম্বর দেশে ফিরতে পারেন কি না, তা নির্ভর করছে বাংলাদেশের সরকারের অবস্থান, প্রত্যর্পণ সংক্রান্ত প্রক্রিয়া এবং ভারত-বাংলাদেশের কূটনৈতিক পরিস্থিতির উপর। অন্যদিকে, শ্রমিকদের বেতন নিয়ে সমঝোতা না হলে পোশাক শিল্পের সংকট আরও গভীর হতে পারে।

তবে এই মুহূর্তে তারেক রহমানের সরকারের পতন আসন্ন, এমন কোনও নিশ্চিত ইঙ্গিত নেই। রাজনৈতিক মহলের একাংশের মতে, একসঙ্গে রাজনৈতিক বিরোধিতা, নিষিদ্ধ দলের রাস্তায় নামা এবং দেশের প্রধান রফতানি শিল্পে শ্রমিক অসন্তোষ- এই তিনটি বিষয় সরকারকে যথেষ্ট চাপে রেখেছে। ফলে প্রশ্ন উঠছে, আগামী দিনগুলিতে এই জোড়া রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সামলে কতটা স্থিতিশীলতা বজায় রাখতে পারবে তারেক রহমানের সরকার? 

POST A COMMENT
Advertisement