
হিন্দু হয়েও ভারতকে নিশানা বাংলাদেশের এই সাংসদেরক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরতে চান। ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার কথা আগেই জানিয়েছিলেন হাসিনা। এ বার স্বদেশে প্রত্যাবর্তনের সম্ভাব্য তারিখও সামনে এসেছে। জানা যাচ্ছে, ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছেন আওয়ামী লিগ নেত্রী। হাসিনার প্রত্যাবর্তন নিয়ে এখন বাংলাদেশে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। আর এই আবহেই বাংলাদেশের শাসক দল বিএনপির সাংসদ নিপুণ রায়চৌধুরী ভারতের বিরুদ্ধে তীব্র বিষোদগার করেছেন। এক বক্তৃতায় তিনি বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের ওপর হামলার ষড়যন্ত্রের জন্য ভারতকে অভিযুক্ত করেন। তিনি বলেন, ভারত এই হামলাগুলো সংঘটিত করার মাধ্যমে বাংলাদেশের প্রতি বৈরী পরিবেশ তৈরির চেষ্টা করছে। তিনি হামলাকারীদের হাত ভেঙে দেওয়ারও হুমকি দেন।
বাংলাদেশে ভারত-বিরোধী আবহ তৈরির প্রচেষ্টায় নতুন এক নাম যুক্ত হয়েছে। এই নেতা হলেন নিপুণ রায়চৌধুরী, যিনি সংরক্ষিত নারী আসন-১১-এর সাংসদ এবং ধর্ম মন্ত্রকের স্থায়ী কমিটির সদস্য। গত সোমবার ঢাকার কেরানীগঞ্জে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি শেখ হাসিনা এবং বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের বিষয়ে ভারতের বিরুদ্ধে বিষোদগার করেন। তিনি বাংলাদেশে চলমান হিংসার জন্য ভারতকে দায়ী করেন। নিপুণ রায়চৌধুরী বলেন, ভারত হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নতুন একটি ফাঁদ পাতছে, যাতে তারা দেখাতে পারে যে বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ নয়। তিনি হিংসা বন্ধের জন্য সমর্থকদের রাস্তায় ও এলাকায় সতর্ক থাকার আহ্বান জানান।
'WE MUST BREAK THOSE EYES AND HANDS': AFTER NCP'S NAHID ISLAM, BNP LEADER NIPUN ROY CHOWDHURY TARGETS INDIA ACCUSES INDIA OF TRYING TO PORTRAY HINDUS AS UNSAFE IN BANGLADESH “India has set a new trap. It wants to show that Hindus are not safe in Bangladesh." "We must remain alert and united to ensure Awami League terrorists cannot carry out violence. We must organise patrols in every neighbourhood and locality." "Some vultures have set their eyes on Bangladesh. If anyone tries to attack this land, we must break those eyes and hands. We will not accept the domination of any country.”
— Subodh Kumar (@kumarsubodh_) November 24, 2026
গোপালগঞ্জে হিংসার কথা উল্লেখ
নিপুণ রায়চৌধুরী বলেন, 'আমরা শান্তি, ঐক্য এবং সকলের জন্য একটি নিরাপদ বাংলাদেশ চাই। এই স্বপ্নটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী (তারেক রহমান) দেশকে যে পথে এগিয়ে নিয়েছেন, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যে কেউ এতে বাধা দেওয়ার চেষ্টা করবে, সে সফল হবে না। গোপালগঞ্জ কোনও বিচ্ছিন্ন জেলা নয়। এটি বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ।' নিপুন রায়চৌধুরীর এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন গোপালগঞ্জ আওয়ামী লিগ সমর্থকদের হিংসায় জর্জরিত। জেলাটি আওয়ামী লিগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, যা বিএনপিকে ক্ষুব্ধ করেছে।

হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বোনার জন্য ভারতকে অভিযুক্ত করা হয়েছে
নিপুণ রায়চৌধুরী আরও বলেন, 'আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশজুড়ে বিএনপির সকল নেতা ও সদস্যকে একটি বার্তা দিতে চাই। ভারত হিন্দু সম্প্রদায়কে ঘিরে নতুন জাল বোনার চেষ্টা করছে। তারা এমন একটি চিত্র তুলে ধরতে চায় যে এখানকার হিন্দু সম্প্রদায় 'অনিরাপদ'। কিন্তু এর মানে কী? এর পেছনে কি কোনও গোপন উদ্দেশ্য আছে? তাদের কি কোনও অসৎ উদ্দেশ্য রয়েছে?'
আওয়ামী লিগকে সন্ত্রাসী দাবি
তিনি আরও বলেন, 'আমরা নিশ্চিত করব যে বাংলাদেশের গোপালগঞ্জ জেলা তার জনগণের জন্য একটি নিরাপদ আবাসভূমি হয়ে উঠবে। বাংলাদেশ সরকার ও বিএনপি গোপালগঞ্জের নিরীহ নাগরিকদের পাশে দাঁড়াবে এবং জঙ্গিদের ঘৃণ্য পরিকল্পনা গুঁড়িয়ে দেবে। বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের পুলিশ প্রশাসনের সহযোগিতায় রাস্তায় সতর্ক ও সক্রিয় থাকুন।'
কে এই নিপুণ রায়চৌধুরী?
প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত ৫০ জন মন্ত্রীর মধ্যে একমাত্র হিন্দু মন্ত্রী নিতাই রায়চৌধুরী। তিনি বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ ও আইনজীবী এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তিনি জামাতে ইসলামীর প্রার্থীকে পরাজিত করে মাগুরা-২ আসন থেকে জয়লাভ করেন। এই নিতাই রায়চৌধুরীর মেয়ে নিপুণ রায়চৌধুরী। নিতাই রায়চৌধুরী ও তাঁর কন্যা নিপুণ বাংলাদেশের রাজনীতির জগতে এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। হিন্দু হওয়া সত্ত্বেও তাঁরা বিএনপি-র গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত, যে দলটিকে ভারত-বিরোধী, হিন্দু-বিরোধী ও কট্টরপন্থী মুসলিম রাজনৈতিক দল হিসেবে অতীতে দেখা হয়েছে।

নিপুণ রায়চৌধুরীর রাজনৈতিক কর্মকাণ্ড
তাঁর বাবা অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান, মাগুরা-২ আসনের সংসদ সদস্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রকের মন্ত্রী। তাঁর শ্বশুর গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য। তার দুই ভাইয়ের মধ্যে দেবাশিস রায়চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এবং মিঠুন রায়চৌধুরী মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের সাংগঠনিক ও নারী অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে নিপুণ রায়চৌধুরী সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হওয়ার পাশাপাশি ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতির মতো স্থানীয় ও জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে যুক্ত। এছাড়াও তিনি 'উইমেন অ্যান্ড চিলড্রেনস রাইটস ফোরাম'-এর সম্পাদক হিসেবে কাজ করেছেন। ২০২৬ সালে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-১১-এর সংসদ সদস্য নির্বাচিত হন এবং সংসদীয় কার্যক্রমে যুক্ত হন।
বিতর্ক ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ
রাজনৈতিক কর্মকাণ্ড ও আন্দোলনকে কেন্দ্র করে নিপুণ রায়চৌধুরী বিভিন্ন সময়ে আলোচনায় ও বিতর্কে জড়িয়েছেন
২০২১ ও ২০২৩ সালের ঘটনা: ২০২১ সালের মার্চে নাশকতা সংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল, পরে ওই বছরের জুনে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। পরবর্তীতে ২০২৩ সালের অক্টোবরে নয়াপল্টনকেন্দ্রিক হিংসা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া কয়েকটি মামলায় তাঁর নাম আসে, যেগুলোতে তিনি ২০২৪ সালের মার্চে আদালত থেকে জামিন লাভ করেন।
ফোনালাপ ফাঁস ও নাশকতার অভিযোগ
নিপুণ রায়চৌধুরীকে ঘিরে সবচেয়ে বড় বিতর্কের সৃষ্টি হয় ২০২১ সালের মার্চে, যখন একটি কথিত ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, ওই ফোনালাপে তিনি হেফাজতে ইসলামের হরতাল চলাকালে ঢাকায় বাসে আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় এবং নাশকতার মামলায় হেফাজতে নেওয়া হয়।