Bangladesh : মজুরি বোর্ডের ঘোষণায় ক্ষোভ, বাংলাদেশে ফের পথে পোশাকশ্রমিকরা; কাঁদানে গ্যাস পুলিশের

মজুরি বোর্ডের সিদ্ধান্ত ঘোষণার পরেও বুধবার সকাল থেকে গাজিপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করে পোশাক শ্রমিকরা। সকাল সাড়ে ৮টা নাগাদ ঢাকা-টাঙ্গাইল জাতীয় সড়কের নাওজোর এলাকায় শ্রমিকরা জমায়েত করে। ঢাকা-ময়মনসিংহ জাতীয় সড়ক, চান্দনা চৌরাস্তা ও ভোগরা বাইপাস এলাকাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

Advertisement
মজুরি বোর্ডের ঘোষণায় ক্ষোভ, বাংলাদেশে ফের পথে পোশাকশ্রমিকরা; কাঁদানে গ্যাস পুলিশেরবাংলাদেশে অশান্তি
হাইলাইটস
  • মজুরি বোর্ডের ছয় সদস্যের মধ্যে চার জন ১৭ হাজার টাকার প্রস্তাবের পক্ষে ভোট দেন
  • অন্য দিকে, শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার প্রস্তাব সমর্থন করেন

বাংলাদেশে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে নতুন করে উত্তেজনা। ন্যূনতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করলেও সেই সিদ্ধান্ত মানতে নারাজ শ্রমিকদের একাংশ। তাদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মাসিক বেতন করতে হবে ৩০ হাজার টাকা। সেই দাবিতে বুধবার সকালেও গাজিপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখায় শ্রমিকরা। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ, এই দুই গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের একাধিক জায়গায় অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। যার জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সেই দেশে। 

মঙ্গলবার গভীর রাতে দীর্ঘ বৈঠকের পর বাংলাদেশের ন্যূনতম মজুরি বোর্ড পোশাক শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করে। বর্তমানে এই মজুরি ১২ হাজার ৫০০ টাকা। অর্থাৎ এক ধাক্কায় ৪৫০০ টাকা বা ৩৬ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শ্রমিকদের দাবি ছিল মাসে ৩০ হাজার টাকা। সেই দাবিতেই আন্দোলন করছে তারা। ফলে বোর্ডের ঘোষণায় সন্তুষ্ট নয় আন্দোলনকারীদের একটা বড় অংশ। 

চারটি গ্রেডে নতুন মজুরি কাঠামো

বাংলাদেশের ন্যূনতম মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, পোশাকশ্রমিকদের জন্য চারটি গ্রেডে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন গ্রেডে মাসিক বেতন ১৭ হাজার টাকা। তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মজুরি বোর্ডের ছয় সদস্যের মধ্যে চার জন ১৭ হাজার টাকার প্রস্তাবের পক্ষে ভোট দেন। অন্য দিকে, শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার প্রস্তাব সমর্থন করেন। এর আগে শ্রমিকপক্ষের দাবি ৩০ হাজার টাকা থেকে কমিয়ে ১৮ হাজার টাকায় আনা হয়েছিল। মালিকপক্ষও কয়েক দফায় নিজেদের প্রস্তাব বাড়িয়ে শেষ পর্যন্ত ১৭ হাজার টাকায় পৌঁছয়। তবে সমঝোতা না হওয়ায় ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত হয়। নতুন মজুরি কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা। তবে তার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সরকারি বিজ্ঞপ্তি প্রয়োজন।

Advertisement

দুই জাতীয় সড়কে অবরোধ, কাঁদানে গ্যাস পুলিশের

মজুরি বোর্ডের সিদ্ধান্ত ঘোষণার পরেও বুধবার সকাল থেকে গাজিপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করে পোশাক শ্রমিকরা। সকাল সাড়ে ৮টা নাগাদ ঢাকা-টাঙ্গাইল জাতীয় সড়কের নাওজোর এলাকায় শ্রমিকরা জমায়েত করে। ঢাকা-ময়মনসিংহ জাতীয় সড়ক, চান্দনা চৌরাস্তা ও ভোগরা বাইপাস এলাকাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশ, বিচ্ছিন্নভাবে গোটা দেশেই আন্দোলন চলছে। 

দুই জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় অবরোধের জেরে যান চলাচল কার্যত থমকে যায়। দুই দিকেই দীর্ঘ যানজট তৈরি হয়। জরুরি কাজে বেরিয়ে রাস্তায় আটকে পড়ে বহু যাত্রী। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবরোধ সরানোর চেষ্টা করলে কয়েকটি জায়গায় উত্তেজনা ছড়ায়। কোথাও কোথাও পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ।


গাজিপুর, সাভার, আশুলিয়ায় বন্ধ ৮৭ কারখানা

বাংলাদেশের সংবাদমাধ্যম 'দ্য ডেইলি স্টার'-এর প্রতিবেদন অনুযায়ী, বুধবার গাজিপুর, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল মিলিয়ে মোট ৮৭টি পোশাক কারখানা বন্ধ ছিল। এর মধ্যে গাজিপুরে ৫৫টি এবং সাভার-আশুলিয়ায় ৩২টি কারখানা রয়েছে। কিছু কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। অন্য কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে শামিল হয়েছে।

গাজিপুর শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, সেখানে ৩৫টি কারখানা বন্ধ ছিল। আরও ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে ২২টি কারখানা শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ ছিল। পাশাপাশি কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয় এবং অন্য কিছু কারখানায় কাজ বন্ধ রাখে শ্রমিকরা। এদিকে, শ্রীপুরে বুধবার সকালে চারটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। দক্ষিণ ভাংনাহাটি ও কেওয়া পূর্বখণ্ড এলাকার কারখানাগুলিতে এই ঘটনা ঘটে। কয়েকটি কারখানার কর্তৃপক্ষ তিন দিনের জন্য কারখানা বন্ধ রাখার নোটিসও দিয়েছে।

বাংলাদেশের রফতানি শিল্পে উদ্বেগ

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ তৈরি পোশাক শিল্প। এই শিল্পে প্রত্যক্ষভাবে প্রায় ৪০ লক্ষ মানুষ কাজ করে। দেশের মোট রফতানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে এই শিল্প থেকে। ফলে দীর্ঘদিন ধরে চলা শ্রমিক অসন্তোষ শুধু কারখানার উৎপাদন নয়, দেশের সামগ্রিক রফতানি বাণিজ্যকেও প্রভাবিত করতে পারে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি বা বিজিএমইএ-র হিসাব অনুসারে, ১৮ দিনের শ্রমিক অসন্তোষে ৩১৭টি কারখানার উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। উৎপাদন বাবদ ক্ষতির পরিমাণ আনুমানিক ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি প্রায় ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার অন্য দেশে চলে গিয়েছে বলে দাবি শিল্পমহলের।
 

POST A COMMENT
Advertisement