
বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব ইদ। আর ইদের ছুটিতে বাড়ি ফেরার ধুম পড়ে যায়। বাংলাদেশের ট্রেনগুলিতে তিলধারণের জায়গা থাকে না। প্রাণের ঝুঁকি নিয়েই ট্রেনের ছাদে উঠে পড়েছেন সব বয়সের প্রচুর মানুষ। কেউ কেউ পোস্ট ধরেই তড়তড়িয়ে ট্রেনের ছাদে উঠে পড়েছেন। এমন ছবি ইদের সময় খুব সাধারণ প্রতিবেশী দেশটিতে। এবার যাতে পরিস্থিতি তেমনটা না হয় তারজন্য আগে থেকেই ব্যবস্থা নিল বাংলাদেশ রেলওয়ে বোর্ড। এবার সেখানে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে পুরোটাই অনলাইনে।
ইদুল ফিতর উপলক্ষ্যে আগামী ৭ এপ্রিল ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে বাংলাদেশে । ইদযাত্রার ১০ দিন আগে সব আন্তঃনগর ও ইদ স্পেশাল ট্রেনের টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এমন ঘোষণা করেছেন খোদ বাংলাদেশের রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। রেলমন্ত্রী মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন, ইদযাত্রায় সব আন্তঃনগর ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হবে। এতে স্টেশন কেন্দ্রিক ভিড় এবং সাধারণ মানুষের দুর্ভোগ হবে না। অনলাইনে যারা নির্ধারিত সময়ের মধ্যে টিকিট কাটতে পারবে না, সেই সব লোক অন্য কোনো উপায়ে গ্রামে ফিরবেন। অনিশ্চয়তার মধ্যে রেল স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা টিকিটের জন্য অপেক্ষা করতে হবে না। নূরুল ইসলাম সুজন বলেন, ইদুল ফিতর উপলক্ষ্যে আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। কেবল অনলাইনেই মিলবে ট্রেনের টিকিট।
বাংলাদেশের রেলমন্ত্রী জানিয়েছেন, এবার ইদ উপলক্ষ্যে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। কাউন্টারে কোনো টিকিট মিলবে না, শতভাগ অনলাইনে বিক্রি হবে। ইদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে। রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলীও সেদেশের সংবাদমাধ্যমকে বলেছেন, এবার কোনো স্টেশনেই ইদযাত্রার টিকিট কাউন্টার থেকে দেওয়া হবে না। মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। কাউন্টার থেকে সিটবিহীন টিকিটও বিক্রি হবে না। শুধু অনলাইনেই ৭ এপ্রিল থেকে টানা ১১ এপ্রিল পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে। ইদযাত্রায় কোনো টিকিট ফেরত নেওয়া হবে না। ইদ উপলক্ষ্যে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। এসব ট্রেনের টিকিটও অনলাইনে পাওয়া যাবে।
২২ এপ্রিল ইদুল ফিতরের সম্ভাব্য দিন ধরে ঈদের ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। ৭ এপ্রিল বিক্রি করা হবে ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট। একইভাবে ৮, ৯, ১০ ও ১১ এপ্রিল বিক্রি করা হবে যথাক্রমে ১৮, ১৯, ২০ ও ২১ এপ্রিলের অগ্রিম টিকিট। ঈদের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। কাউন্টার থেকে শুধু স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট দেওয়া হবে যাত্রীদের। রেলওয়ের সূত্র বলছে, ১০ দিন আগে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়ার কারণ, কেউ টিকিট না পেলে যেন বিকল্প খুঁজতে পারে। কারণ, পাঁচ দিন আগে টিকিট বিক্রি শুরু করলে ইদযাত্রা আর টিকিট বিক্রির মাঝখানে সময় থাকে না। তখন টিকিট না পেয়ে অনেক যাত্রী বিকল্প ব্যবস্থা করতে পারেন না। প্রতি ইদের সময় বাংলাদেশে কাউন্টার থেকে ট্রেনের টিকিট সংগ্রহ করতে গিয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অনেকে কাঙ্ক্ষিত টিকিট পান না।