আজমেরী হক বাঁধনইতালিতে গিয়ে চরম হেনস্থার শিকার হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই মুহূর্তে তিনি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতেই রয়েছেন। বাঁধন এক ভিডিও বার্তায় জানিয়েছেন যে তাঁকে লক্ষ্য করে জলের বোতল ছুড়ে মারা হয়েছে। তাঁকে জুলাই যোদ্ধা বলেও কটাক্ষ করা হয়েছে। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, তাঁকে শারীরিকভাবে হেনস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন বাঁধন।
বাঁধন তাঁর ফেসবুক পেজ থেকে লাইভে এসে বলেন, 'আমি এখন মেস্ত্রেতে আছি। আমি ভাইয়ের সঙ্গে, ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে অনেক বাঙালি ভাইয়েরা এসে আমাকে শারীরিকভাবে হেনস্থা করেছে। আমার গায়ে জল, কোক ছুড়ে মেরেছে। আমি একদম ভিজে গিয়েছি। আমার সঙ্গে আমার ভাইয়ের ছোট বাচ্চাটাও ছিল এবং তারা আমার গায়েও হাত তুলেছে।' বাঁধনের আরও অভিযোগ যে তাঁর ফোনও ফেলে দেওয়া হয় এবং কানের পাশে তাঁকে মারাও হয় বলে জানিয়েছেন বাংলাদেশি নায়িকা। বাঁধন জানিয়েছেন, তাঁকে 'জুলাই জঙ্গি' বলে কটাক্ষ করা হয়। নায়িকা স্বীকার করেন তিনি অবশ্যই জুলাই আন্দোলনে সামিল হয়েছিলেন।
বাংলাদেশি নায়িকার অভিযোগ অনুযায়ী যারা তাঁর ওপর হামলা চালিয়েছিল তাঁরা নাকি বঙ্গবন্ধু যোদ্ধা এবং নায়িকাকে জোর করে 'জয় বাংলা', 'জয় বঙ্গবন্ধু' বলতে বলা হয়। তাঁরা সেগুলো ভিডিও করছিল। অভিনেত্রীর দাবি, ২০২৪ সালের জুলাই–অগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণের কারণেই তাঁকে পরিকল্পিত ভাবে ‘টার্গেট’ করা হয়েছে। অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, পুরো ঘটনাটির নেপথ্যে তাঁর রাজনৈতিক অবস্থান এবং জুলাই আন্দোলনে প্রকাশ্য ভূমিকার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। তবে হামলাকারীদের পরিচয় ও ঘটনার উদ্দেশ্য সম্পর্কে চূড়ান্ত কিছু জানা যায়নি।
বাঁধন তাঁর ভিডিওতে বলেন, 'আপনারা যে ধরনের আচরণ করেছেন, এ ধরনের অসংলগ্ন আচরণ থেকে বের হয়ে আসা উচিত। আমার গায়ে হাত তোলা হয়েছে, আমার গায়ে জল, কোক ছিটিয়ে দেওয়া হয়েছে। আমাকে জোর করে বাধ্য করে বলানোর চেষ্টা করা হয়েছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজমেরী হক বাঁধন কয়েকটি ভিডিও পোস্ট করেছেন। ছোট্ট শিশুটির দিকে তাকিয়ে হামলাকারীদের থামানোর চেষ্টা করলে একজনকে বলতে শোনা যায়, 'কীসের আবার বাচ্চা, ওকে জয় বাংলা বলতে হবে।' কয়েকজন আবার বাঁধনকে তাঁর রাজনৈতিক অবস্থানের কারণে ‘জুলাই জঙ্গি’ বলেও আক্রমণ শানিয়েছেন।
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গেছেন বাঁধন। বর্তমানে তিনি মেস্ত্রে শহরে রয়েছেন। সোমবার রাতে ভাই ও তাঁর পরিবারের সঙ্গে তিনি স্থানীয় একটি পার্কে গেলে এ হামলা ও হেনস্তার ঘটনা ঘটে।