Gopalganj Bangladesh: হাসিনার গোপালগঞ্জকে দেশ থেকে বিচ্ছিন্ন করল BNP সরকার? সব সরকারি পরিষেবা, ট্রেন সাসপেন্ড

গোপালগঞ্জে একের পর এক হিংসার ঘটনার পর একাধিক কড়া পদক্ষেপ করেছে ঢাকার তারেক রহমানের সরকার। আটকে দেওয়া হয়েছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পুরসভা ও ইউনিয়ন পরিষদগুলির আর্থিক বরাদ্দ। বন্ধ রাখা হয়েছে অন্তত পাঁচটি ট্রেন পরিষেবা। পাশাপাশি আগুনে পুড়ে যাওয়া দুটি থানার কাজকর্মও এখনও স্বাভাবিক হয়নি।

Advertisement
 হাসিনার গোপালগঞ্জকে দেশ থেকে বিচ্ছিন্ন করল BNP সরকার? সব সরকারি পরিষেবা, ট্রেন সাসপেন্ডবাংলাদেশ তীব্র হচ্ছে হিংসা - এএফপি ফাইল ছবি
হাইলাইটস
  • গোপালগঞ্জকে সব সরকারি পরিষেবা বন্ধ
  • আটকে উন্নয়নের টাকা, বন্ধ ট্রেন পরিষেবা
  • সরকারি অ্যাকশনে বিপাকে গোপালগঞ্জের বাসিন্দারা

শেখ হাসিনার পৈতৃক ভিটে ও আওয়ামী লিগের শক্ত ঘাঁটি গোপালগঞ্জকে কার্যত বিচ্ছিন্ন করে দিল বাংলাদেশ সরকার। গোপালগঞ্জের স্থানীয় প্রশাসন, পুরসভাকে নির্দেশ দেওয়া হল, অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হল। যার নির্যাস, গোপালগঞ্জের মানুষ কোনও রকম সরকারি পরিষেবা পাবেন না। আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশ ফেরাকে কেন্দ্র করে গোপালগঞ্জে চাঙ্গা আওয়ামী লিগ। হাসিনাকে নিরাপদে দেশে ফেরানো ও গ্রেফতার না করার দাবিতে তীব্র বিক্ষোভ চলছে গোপালগঞ্জে। ইতিমধ্যেই থানা সহ একাধিক সরকারি অফিসে আগুন ধরানো হয়েছে।

গোপালগঞ্জকে সব সরকারি পরিষেবা বন্ধ

গত ১৫ নভেম্বর অস্ত্র হাতে কয়েকশো আওয়ামী লিগ কর্মী ও সমর্থক রাস্তায় নামেন। একের পর এক থানা, সরকারি সম্পত্তি, বিল্ডিং, অফিসে হামলা চালায়। টুঙ্গিপাড়া থানায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এমনকী প্রধানমন্ত্রী তারেক রহমানের হোমটাউন বগুড়াতে বিএনপি-র পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওই হিংসা শুধুমাত্র গোপালগঞ্জেই থেমে থাকেনি। ঢাকা, চট্টগ্রামেও ছড়িয়ে পড়ে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রাক্তন প্রধান মহম্মদ ইউনুসের পৈতৃকবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। 

তার মধ্যেই হাসিনার নিজের জেলা গোপালগঞ্জে একের পর এক হিংসার ঘটনার পর একাধিক কড়া পদক্ষেপ করেছে ঢাকার তারেক রহমানের সরকার। আটকে দেওয়া হয়েছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পুরসভা ও ইউনিয়ন পরিষদগুলির আর্থিক বরাদ্দ। বন্ধ রাখা হয়েছে অন্তত পাঁচটি ট্রেন পরিষেবা। পাশাপাশি আগুনে পুড়ে যাওয়া দুটি থানার কাজকর্মও এখনও স্বাভাবিক হয়নি।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আওয়ামী লিগের সমর্থকদের হিংসাত্মক কর্মকাণ্ডের জন্য কি গোটা গোপালগঞ্জের সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে? বাংলাদেশি-আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক শফকত রব্বি অবশ্য মনে করছেন, সরকারের এই পদক্ষেপের পিছনে একটি নির্দিষ্ট কৌশল রয়েছে। তাঁর মতে, হিংসার মোকাবিলায় সরাসরি বলপ্রয়োগ না করে গোপালগঞ্জের মানুষকে পরিস্থিতির পরিণতি বুঝতে দেওয়ার পথ বেছে নিয়েছে ঢাকা।

ইন্ডিয়া টুডে ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে রব্বি বলেন, সরকারের সামনে দুটি পথ ছিল। এক, বলপ্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। দুই, গোপালগঞ্জের মানুষকে নিজেদের কাজের পরিণতি বুঝতে দেওয়া। তাঁর দাবি, সরকার দ্বিতীয় পথটিই বেছে নিয়েছে। অর্থাৎ, কোনও উস্কানি ছাড়াই হিংসার ঘটনায় সাধারণ মানুষ কীভাবে নিজেদের স্বার্থের ক্ষতি করেছেন, তা তাঁদের উপলব্ধি করতে দিতে চাইছে প্রশাসন।

Advertisement

আটকে উন্নয়নের টাকা, বন্ধ ট্রেন পরিষেবা

ঢাকাভিত্তিক সংবাদমাধ্যম 'প্রথম আলো'র ২৫ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, গোপালগঞ্জের জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পুরসভা এবং ইউনিয়ন পরিষদগুলির জন্য বরাদ্দ আর্থিক সহায়তার তৃতীয় কিস্তি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের জন্য নির্ধারিত এই অর্থ সাধারণত চারটি কিস্তিতে দেওয়া হয়। সরকারি একাধিক সূত্রের খবর উদ্ধৃত করে প্রথম আলো জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অর্থ ছাড় করা হবে না। বিবিসি বাংলা-র প্রতিবেদন অনুযায়ী, গোপালগঞ্জ জেলার উন্নয়নমূলক কাজের জন্য ইতিমধ্যেই বরাদ্দ প্রায় ৫০০ কোটি টাকা আটকে দেওয়া হয়েছে।

শুধু আর্থিক বরাদ্দ নয়, রেল যোগাযোগও কার্যত বিপর্যস্ত। গত ১৫ নভেম্বর থেকে গোপালগঞ্জের সঙ্গে বাংলাদেশের অন্যান্য এলাকার যোগাযোগকারী অন্তত পাঁচটি ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। প্রথম আলোকে রেল ও স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র জানিয়েছে, নাশকতার আশঙ্কায় এখনই এই পরিষেবাগুলি চালু করার কথা ভাবছে না সরকার।

সরকারি অ্যাকশনে বিপাকে গোপালগঞ্জের বাসিন্দারা

এরই মধ্যে ২৬ নভেম্বর দ্য ডেইলি স্টার জানিয়েছে, বাংলাদেশ রেলের পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ ঢাকা থেকে খুলনা পর্যন্ত নতুন ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাব কার্যকর হলে ট্রেনগুলি গোপালগঞ্জ এড়িয়ে যাতায়াত করবে। 'প্রথম আলো' জানিয়েছে, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা কিংবা নতুন করে অভিযোগ দায়ের করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, ট্রেন পরিষেবা বন্ধ থাকায় রাজধানী ঢাকায় যাতায়াতের ক্ষেত্রেও বিপাকে পড়েছেন বহু মানুষ। তুলনায় কম খরচে ও দ্রুত যাতায়াতের জন্য যাঁরা ট্রেনের উপর নির্ভরশীল, তাঁদের ভোগান্তি বেড়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬, এই দুটি আসন থেকে জয়ী হয়েছিলেন। পরে তিনি ঢাকা-১৭ আসনটি নিজের কাছে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।

রব্বির আরও দাবি, বিএনপির একাধিক বর্তমান সাংসদের বাড়িতে আগুন লাগানো হয়েছে। গোপালগঞ্জে এক বিএনপি সাংসদের মালিকানাধীন হাসপাতালেও হামলার ঘটনা ঘটেছে। তা সত্ত্বেও সরকার বলপ্রয়োগের পথে হাঁটেনি। বরং নিরাপত্তার অভাবের আশঙ্কায় বিএনপির স্থানীয় স্তরের কয়েকজন নেতা দল ছেড়েছেন বলেও দাবি তাঁর। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এমন ঘটনা বিরল বলেই মনে করছেন এই রাজনৈতিক বিশ্লেষক।

POST A COMMENT
Advertisement