নাহিদ ইসলাম, অর্জুন সিং ১৬ অগাস্টের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। এই নিয়ে এ বার সরব হলেন বাংলাদেশের বিরোধী নেতা তথা ন্যাশনাল সিটিজেন পার্টির (NCP) আহ্বায়ক নাহিদ ইসলাম। অর্জুন সিংয়ের মন্তব্যকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত বলে দাবি করেছেন তিনি। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা থেকে অর্জুন সিংকে অবিলম্বে সরানোর দাবি জানিয়েছেন নাহিদ। একই সঙ্গে বাংলাদেশের মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও তুলেছেন।
এক্স হ্যান্ডলে একটি বিবৃতি দিয়ে নাহিদ ইসলাম বলেন, 'পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণমন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকি সরাসরি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নিশানা করেছে। লক্ষ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে পাওয়া এই মাতৃভূমি সম্পর্কে এমন মন্তব্য ১৮ কোটি মানুষের আত্মসম্মানের প্রতি চরম অপমান।'
অর্জুন সিংয়ের বিরুদ্ধে পদক্ষেপের দাবি
নাহিদ ইসলামের বক্তব্য, এই বিতর্ক শুধুমাত্র ভারতের কোনও রাজ্যের একজন রাজনৈতিক নেতার মন্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানানো হলে নয়াদিল্লি এবং ঢাকা কী ধরনের প্রতিক্রিয়া জানায়, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, 'এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অর্জুন সিংকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে সরাতে হবে। পাশাপাশি, তাঁর আপত্তিকর মন্তব্য প্রত্যাহার করে বাংলাদেশের মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত।'
এখানেই শেষ নয়, ভারতের কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন নাহিদ। তাঁর দাবি, অর্জুন সিংয়ের মন্তব্যের ৪৮ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে। তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি দিল্লি। নাহিদের কথায়, দিল্লির এই নীরবতা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারতের শ্রদ্ধা নিয়ে সন্দেহ আরও বাড়িয়ে দিচ্ছে।
বাংলাদেশের সরকারকেও একহাত নিয়েছেন তিনি। অর্জুন সিংয়ের মন্তব্যের পর বাংলাদেশের সরকারের তরফেও কোনও কূটনৈতিক প্রতিক্রিয়া না আসায় হতাশা প্রকাশ করেছেন নাহিদ। তাঁর মতে, একটি স্বাধীন ও মর্যাদাপূর্ণ দেশের আত্মবিশ্বাসী বিদেশনীতি থাকা উচিত।
কী বলেছিলেন অর্জুন সিং?
এই বিতর্কের সূত্রপাত অর্জুন সিংয়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে। বাংলাদেশে হিন্দুদের উপর হিংসার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, '১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ দখল করে নেব। যথেষ্ট হয়েছে, বাংলাদেশের জন্য আর কোনও অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা আমরা অবশ্যই নেব।'
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিজয়ের স্মরণে এই দিনটি পালন করে বাংলাদেশ। ফলে ওই বিশেষ দিনটিকে সামনে রেখে অর্জুন সিংয়ের এমন মন্তব্য ঘিরে বিতর্ক আরও বেড়েছে। অন্যদিকে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কোনও রকম প্রশ্ন তোলা যায় না বলে পাল্টা দাবি করেছেন নাহিদ ইসলাম। তাঁর মতে, অর্জুন সিংয়ের মন্তব্য বাংলাদেশের স্বাধীনতা এবং দেশ গঠনের পিছনে থাকা আত্মত্যাগের প্রতি অপমান।
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারত-বাংলাদেশে টানাপড়েন
হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়েও দুই দেশের মধ্যে টানাপড়েন রয়েছে। শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর নিজে ঢাকায় ফিরতে চান বলে জানিয়েছেন। তবে বাংলাদেশের সরকারের বক্তব্য, প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে দেশে ফিরতে হবে। সম্প্রতি বাংলাদেশের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে 'সন্ত্রাসবাদী' বলে উল্লেখ করেন। প্রত্যর্পণ ছাড়া তাঁকে বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
ভারতের বিরুদ্ধে 'আধিপত্যবাদ'-এর অভিযোগ নাহিদের
এর আগেও ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন নাহিদ ইসলাম। চলতি সপ্তাহের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ভারতকে নিশানা করেন তিনি। ভারতের বিরুদ্ধে এক 'খুনি'কে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহারের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ার অভিযোগ তোলেন নাহিদ।
ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্যের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারত, এমন অভিযোগও তুলেছেন নাহিদ। শেখ হাসিনার প্রত্যর্পণ এবং গঙ্গার জলবণ্টন চুক্তি রিনিউ-সহ দ্বিপাক্ষিক বিষয়গুলিতে ঢাকাকে আরও কঠোর অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছেন।