
শেখ হাসিনা (AI ছবি) ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা! তাঁকে দেশে ফেরাতে তৈরি বিমান, পাইলটও নাকি প্রস্তুত! এমনকী বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনীর একাংশও তাঁর প্রত্যাবর্তনের পক্ষে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একের পর এক ভিডিও দেখে তেমনটাই মনে হতে পারে। কিন্তু এই ভিডিওগুলির অধিকাংশই কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দিয়ে তৈরি। পুলিশ ও সেনার পোশাকে একাধিক ব্যক্তিকে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পক্ষে সওয়াল করতে দেখা গেলেও, তাঁদের বক্তব্যের সত্যতা নেই। ফেসবুকে এই ধরনের ৫০টিরও বেশি পোস্টের সন্ধান পেয়েছে ইন্ডিয়া টুডে। সব মিলিয়ে কয়েক লক্ষ নয়, লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছে এইসব ভিডিও।
এরইমধ্যে আবার শেখ হাসিনার মুখপাত্র জানিয়েছেন, দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বাংলাদেশ এয়ারলাইন্সের উড়ান চান হাসিনা। যদিও সেই প্রস্তাব কার্যত খারিজ করে দিয়েছে তারেক রহমানের সরকার। ফলে বাস্তবে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তা থাকলেও, সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে তৈরি হচ্ছে উন্মাদনা।
AI পাইলট থেকে পুলিশের পোশাক, কীভাবে ছড়াচ্ছে প্রচার?
ইন্ডিয়া টুডের অনুসন্ধান অনুযায়ী, গত ১০ নভেম্বরের আগে ফেসবুকে অন্তত ৫০টি এমন পোস্টের সন্ধান মিলেছে, যেগুলির অধিকাংশই AI-নির্মিত ছবি বা ভিডিও ব্যবহার করে বাংলাদেশে হাসিনার প্রত্যাবর্তনের পক্ষে ব্যাপক জনসমর্থনের ছবি তুলে ধরেছে।
গত ১৩ অক্টোবর একটি ফেসবুক রিলে দাবি করা হয়, যে বিমান হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে এসেছিল, সেটিকেই আবার তাঁকে দেশে ফেরানোর কাজে ব্যবহার করা হোক। এর প্রায় এক সপ্তাহ পরে আর একটি ভিডিওতে দেখা যায়, সাদিয়া নামে এক মহিলা পাইলট হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বিমান চালাতে প্রস্তুত বলে জানাচ্ছেন। কিন্তু ভিডিওতে দেখা যাওয়া ওই মহিলা পাইলট বাস্তব চরিত্র নন। AI-এর চরিত্র। আর সেই ভিডিওটি প্রায় ২ লক্ষ ৮০ হাজার।
সবচেয়ে বেশি নজর কেড়েছে পুলিশের পোশাকে দুই ব্যক্তির একটি ভিডিও। সেখানে তাঁদের বলতে শোনা যায়, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। পরবর্তী সময়ে একাধিক অ্যাকাউন্ট সেই ভিডিও শেয়ার করে দাবি করা হয়, বাংলাদেশের পুলিশও হাসিনার প্রত্যাবর্তনের পক্ষে রয়েছে। অথচ ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী, মূল পোস্টটি ৩৪ লক্ষ বার দেখা হয়েছিল। অন্য অ্যাকাউন্টগুলি থেকে একই ভিডিও ছড়িয়ে পড়ার পর মোট ভিউয়ের সংখ্যা প্রায় ৫৩.৭ লক্ষে পৌঁছয়।

১০ নভেম্বর আরও একটি ভিডিও সামনে আসে। সেখানে দাবি করা হয়, হাজার হাজার মানুষ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে মিছিল করেছেন। মিছিলের সামনের সারিতে পুলিশের পোশাক পরা পাঁচজনকে একটি ব্যানার ধরে থাকতে দেখা যায়। ইন্ডিয়া টুডে ভিডিওটি AI শনাক্তকরণ সংস্থা Hive-এর সাহায্যে পরীক্ষা করে। সেই বিশ্লেষণে ভিডিওটি AI দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল বলে ইঙ্গিত মেলে।
শুধু হাসিনার প্রত্যাবর্তন নয়, বাংলাদেশে সেনা শাসনের জল্পনাও
এই প্রচারের বিষয়বস্তু শুধু হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে সীমাবদ্ধ নেই। একাধিক ভিডিওতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ ছড়ানোর চেষ্টা দেখা যাচ্ছে। কোথাও দাবি করা হচ্ছে, দেশে সেনাবাহিনীর নেতৃত্বে জরুরি সরকার গঠিত হতে চলেছে। ৫ অক্টোবর প্রকাশিত এমনই একটি ভিডিও প্রায় ২ লক্ষ ৯২ হাজার বার দেখা হয়েছিল।
অন্য কয়েকটি ভিডিওতে বর্তমান সরকারের আমলে তোলাবাজি, জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে ধরা হয়েছে। তার বিপরীতে আওয়ামি লিগের শাসনকালের পরিস্থিতিকে তুলনামূলকভাবে ভাল বলে দেখানোর চেষ্টা করা হয়েছে। অর্থাৎ, এই প্রচারের মাধ্যমে হাসিনার প্রত্যাবর্তনকে শুধুমাত্র রাজনৈতিক প্রত্যাবর্তন হিসেবে নয়, বাংলাদেশের অর্থনৈতিক ও প্রশাসনিক সমস্যার সমাধান হিসেবেও তুলে ধরার চেষ্টা চলছে।
তবে এই ভিডিওগুলির দাবি এবং বাস্তব পরিস্থিতিকে এক করে দেখার সুযোগ নেই। AI দিয়ে তৈরি কোনও ভিডিওতে পুলিশ বা সেনার পোশাক পরা ব্যক্তিকে কোনও রাজনৈতিক বক্তব্য দিতে দেখা গেলেই সেটিকে সংশ্লিষ্ট বাহিনীর সরকারি অবস্থান বলে ধরে নেওয়া যায় না।
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলছে ঢাকা?
এরই মধ্যে ২৪ নভেম্বর হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি রয়টার্সকে জানান, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ওই দিন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়ানের ব্যবস্থা করার অনুরোধও জানিয়েছেন তিনি।
২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ১৫ বছরের শাসনের অবসানের পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন হাসিনা। সেই থেকে তিনি ভারতেই রয়েছেন। তাঁর মুখপাত্রের বক্তব্য, ২০২৪ সালে যে বাংলাদেশি বিমানে তাঁকে ভারতে আনা হয়েছিল, এবার সেই দেশের সরকারেরই তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা উচিত।

কিন্তু বাংলাদেশের সরকারের অবস্থান সম্পূর্ণ আলাদা। বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, হাসিনা দেশে ফিরতে চাইলে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফিরতে হবে। তাঁর কথায়, তাঁকে হাতকড়া পরিয়েই দেশে ফিরতে হবে। অর্থাৎ, হাসিনার মুখপাত্রের প্রস্তাবিত বাণিজ্যিক উড়ানে দেশে ফেরার বিষয়টি বাংলাদেশের সরকার মেনে নিতে রাজি নয়। তাঁর বিরুদ্ধে বাংলাদেশে আদালতের মৃত্যুদণ্ডের রায়ও রয়েছে। ২০২৫ সালের নভেম্বরে অনুপস্থিতিতে এই রায় দেওয়া হয়েছিল। হাসিনা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।
কেন গুরুত্বপূর্ণ ১৬ ডিসেম্বর?
বাংলাদেশের কাছে ১৬ ডিসেম্বর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ের স্মরণে এই দিনটি বিজয় দিবস হিসেবে পালিত হয়। শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান রাজনৈতিক নেতা ছিলেন। সেই বিজয় দিবসকেই দেশে ফেরার সম্ভাব্য দিন হিসেবে বেছে নিয়েছেন হাসিনা।
তবে তিনি আদৌ ওই দিন বাংলাদেশে ফিরতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। একদিকে তাঁর মুখপাত্রের প্রত্যাবর্তনের ঘোষণা, অন্যদিকে বাংলাদেশের সরকারের প্রত্যর্পণের শর্ত এবং দেশে চলতে থাকা রাজনৈতিক উত্তেজনা, সব মিলিয়ে পরিস্থিতি জটিল। এর মধ্যেই ফেসবুকে AI-নির্মিত ভিডিওর মাধ্যমে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে জনসমর্থনের যে ছবি তুলে ধরা হচ্ছে, তার সঙ্গে বাস্তবের কতটা মিল রয়েছে, সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠছে।