হাসিনার ভার্চুয়াল বৈঠকে যোগ দেওয়ার পরই শাকিবের বাড়িতে হামলা, আগুন-বোমাবাজিরও অভিযোগ

এদিকে শাকিবের বাড়িতে হামলার ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে আওয়ামি লিগ। তাদের দাবি, এটি নিছক ভাঙচুর নয়, বরং শাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।

Advertisement
হাসিনার ভার্চুয়াল বৈঠকে যোগ দেওয়ার পরই শাকিবের বাড়িতে হামলা, আগুন-বোমাবাজিরও অভিযোগ শাকিব আল হাসান
হাইলাইটস
  • এই হামলার কয়েক ঘণ্টা আগেই নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যোগ দিয়েছিলেন শাকিব আল হাসান
  • ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামি লিগ সভানেত্রী শেখ হাসিনা

শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দেওয়ার পরই বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসানের বাড়িতে হামলা। পুলিশ জানিয়েছে, রাত ৯ টা নাগাদ শাকিবের মাগুরার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতী। বাড়ির জানালার কাচ ভাঙচুরের পাশাপাশি আগুন ধরানোরও চেষ্টা করে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বাংলাদেশ আওয়ামি লিগ এই ঘটনাকে পেট্রোল বোমা হামলা বলে দাবি করে বিএনপি, জামাত ইসলামি এবং এনসিপির দিকে অভিযোগের আঙুল তুলেছে। তবে পুলিশের তরফে এখনও পর্যন্ত পেট্রোল বোমা ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

পুলিশ সূত্রে খবর, মাগুরা শহরের কেশব মোড় এলাকায় শাকিব আল হাসানের বাড়িতে হামলার ঘটনা ঘটে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) মহম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী বাড়িতে ইট ছুড়ে জানালার কাচ ভাঙচুর করে এবং পরে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই হামলার কয়েক ঘণ্টা আগেই নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যোগ দিয়েছিলেন শাকিব আল হাসান। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামি লিগ সভানেত্রী শেখ হাসিনা। 

এদিকে শাকিবের বাড়িতে হামলার ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে আওয়ামি লিগ। তাদের দাবি, এটি নিছক ভাঙচুর নয়, বরং শাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। শেখ হাসিনার সঙ্গে সেই সাংবাদিক বৈঠকে অংশ নেওয়ার কারণেই এই হামলা চালানো হয়েছে। আওয়ামি লিগের আরও দাবি, সংবাদ সম্মেলনের আগেই বিএনপি, জামায়াতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি বিভিন্ন সংবাদমাধ্যমকে ওই অনুষ্ঠান সম্প্রচার বা প্রচার করলে আইনি পদক্ষেপের হুমকি দিয়েছিল।

আওয়ামি লিগের বিবৃতিতে আরও বলা হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠার নামে দেশে তাদের দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে যে দমন-পীড়ন চলছে, এই হামলা তারই অংশ। 

Advertisement

তবে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে শুধু জানালা ভাঙচুর ও বাড়িতে আগুন লাগানোর চেষ্টার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পেট্রোল বোমা ব্যবহার কিংবা হামলার পেছনে কোনও নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের জড়িত থাকার বিষয়ে এখনও সরকারি ভাবে কোনও নিশ্চিত তথ্য জানানো হয়নি।

POST A COMMENT
Advertisement