Sheikh Hasina: ঘরওয়াপসির ডেডলাইন সেট করে ফেলেছেন হাসিনা, সত্যিই কি বাংলাদেশে ফিরতে পারবেন?

বাংলাদেশে ফেরার দিনক্ষণ ঠিক করে ফেলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসের দিন দেশে ফেরার পরিকল্পনা করেছেন তিনি। ২০২৪ সালের ৫ অগাস্ট রক্তক্ষয়ী আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন হাসিনা। তবে দেশে ফেরার পথ মোটেই সহজ নয়।

Advertisement
ঘরওয়াপসির ডেডলাইন সেট করে ফেলেছেন হাসিনা, সত্যিই কি বাংলাদেশে ফিরতে পারবেন?শেখ হাসিনা
হাইলাইটস
  • বাংলাদেশে ফেরার দিনক্ষণ ঠিক করে ফেলেছেন শেখ হাসিনা
  • ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন
  • তবে দেশে ফেরার পথ মোটেই সহজ নয়

দীর্ঘ দু’বছর পর বাংলাদেশে ফেরার দিনক্ষণ ঠিক করে ফেলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসের দিন দেশে ফেরার পরিকল্পনা করেছেন তিনি। ২০২৪ সালের ৫ অগাস্ট রক্তক্ষয়ী আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন হাসিনা। তবে দেশে ফেরার পথ মোটেই সহজ নয়। কারণ তাঁর মাথার উপর ঝুলছে মৃত্যুদণ্ডের সাজা। একদিকে রাজনৈতিক নেত্রী হিসেবে দেশে ফিরতে চাইছেন হাসিনা, অন্যদিকে তাঁকে 'সন্ত্রাসবাদী' আখ্যা দিয়ে হাতকড়া পরিয়ে প্রত্যর্পণের মাধ্যমে ফেরাতে চাইছে বাংলাদেশের বর্তমান সরকার।

২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আসার পর থেকেই শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দ্রুত হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে এবং তাঁর জাতীয় পরিচয়পত্র (NIC) আটকে দেয়। এরপর ২০২৫ সালের নভেম্বর মাসে ২০২৪ সালের আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT) তাঁকে মৃত্যুদণ্ড দেয়। ওই আন্দোলনে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

তবে ট্রাইব্যুনালের এই রায় প্রত্যাখ্যান করেছেন শেখ হাসিনা। তাঁর বক্তব্য, দেশে ফিরলে তিনি আইনি লড়াইয়ে অংশ নিতে প্রস্তুত। যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগেই জানিয়েছে, নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় হাসিনা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আর আবেদন করতে পারবেন না। তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করার পথে আইনি বাধাও নেই বলে জানিয়েছে ট্রাইব্যুনাল।

বাংলাদেশের আইন অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন। কিন্তু হাসিনা এখনও পর্যন্ত সেই আবেদন করেননি। বরং ট্রাইব্যুনালের রায় সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি।

পাসপোর্ট নিয়ে নতুন করে বিতর্ক
হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের কাছে দেশে ফেরার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন। তাঁর মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশের একটি বিমানে করেই তাঁকে ভারতে নিয়ে আসা হয়েছিল। তাই এ বার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বাংলাদেশ সরকারকে বিমান পরিবহণের ব্যবস্থা করতে বলেছেন তিনি।

Advertisement

গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক আইনজীবী সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলেন আওয়ামি লীগ নেত্রী। তবে বাংলাদেশ জানায়, ওই চিঠিতে হাসিনার অনুমোদন বা স্বাক্ষর ছিল না। এরপর ১৯ নভেম্বর বাংলাদেশের হাইকমিশনে দ্বিতীয় একটি চিঠি পাঠানো হয়। কিন্তু সেই চিঠি নিয়েও নতুন বিতর্ক তৈরি হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেন, অনুমতিপত্রে শেখ হাসিনার স্বাক্ষর জাল করা হয়েছে। ফলত বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, হাসিনাকে কোনও ভ্রমণ সংক্রান্ত নথি দেওয়া হবে না। তাঁকে 'সন্ত্রাসবাদী' আখ্যা দিয়ে BNP সরকার জানিয়েছে, বন্দি প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব।

বাংলাদেশের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, দেশে ফিরলেই হাসিনাকে গ্রেফতার করে জেলে পাঠানো হবে। মঙ্গলবার তিনি বলেন, 'বাস্তবতা হল, প্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসবাদীকে দেশে ফিরতে দেওয়া হবে না। তাঁকে হাতকড়া পরিয়েই ফিরিয়ে আনা সম্ভব।'

শেখ হাসিনাকে কি প্রত্যর্পণ করতে পারে ভারত?
২০১৩ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে এই চুক্তি থাকলেই যে ভারতকে বাধ্যতামূলকভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে, এমনটা নয়। চুক্তি অনুযায়ী, কোনও অপরাধ যদি রাজনৈতিক প্রকৃতির হয়, তাহলে সংশ্লিষ্ট দেশ প্রত্যর্পণের আবেদন প্রত্যাখ্যান করতে পারে। হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগে সাজা ঘোষণা হয়েছে, তার মধ্যে খুন, জোর করে আয়নাঘরে পাঠানো এবং নির্যাতনের মতো অপরাধ রয়েছে। প্রত্যর্পণ চুক্তিতে এই অপরাধগুলিকে রাজনৈতিক অপরাধের আওতার বাইরে রাখা হয়েছে।

ফলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে ভারতের সহযোগিতা প্রয়োজন। এখনও পর্যন্ত অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশের প্রত্যর্পণের আবেদন খতিয়ে দেখা হচ্ছে বলে আগেই জানিয়েছিল ভারত। পাশাপাশি তারেক রহমানের সরকারের সঙ্গে গঠনমূলক আলোচনার ইচ্ছাও প্রকাশ করেছে নয়াদিল্লি।

হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কেন উদ্বিগ্ন ঢাকা?
বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনাগুলি প্রমাণ করেছে শেখ হাসিনার এখনও কিছু সমর্থক রয়েছেন। বাংলাদেশ সরকার যদি ভারতকে দিয়ে হাসিনাকে প্রত্যর্পণ করাতে পারে, তাহলে BNP সরকার দাবি করতে পারবে, তারা দেশের আইন অনুযায়ী বিচারপ্রক্রিয়ার মুখোমুখি করতে এক পলাতক অভিযুক্তকে ফিরিয়ে এনেছে।

অন্যদিকে, হাসিনাকে যদি পাসপোর্ট দিয়ে স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দেওয়া হয়, তাহলে রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে চলে যেতে পারেন তিনি। মৃত্যুদণ্ডের সাজা মাথায় থাকা সত্ত্বেও ভারতে রাজনৈতিক আশ্রয় না চেয়ে নিজের দেশে ফিরতে চেয়েছেন, এমন বার্তা দিতে পারবেন হাসিনা। এর ফলে বাংলাদেশের দীর্ঘতম সময় ধরে প্রধানমন্ত্রী থাকা হাসিনার প্রতি সাধারণ মানুষের একাংশের সহানুভূতি তৈরি হতে পারে। পাশাপাশি নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেতে পারে আওয়ামি লীগও।

অন্যদিকে, অর্থনৈতিক পরিস্থিতি এবং বিদ্যুৎ সংকট সামলাতে ইতিমধ্যেই চাপে রয়েছে তারেক রহমানের সরকার। এই পরিস্থিতিতে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক সহানুভূতির ঢেউ BNP সরকারের বিপক্ষে চলে যেতে পারে। সেই কারণেই বিশেষজ্ঞদের একাংশের ধারণা, হাসিনার প্রত্যর্পণের দাবিতে বাংলাদেশের অনড় অবস্থান আসলে তাঁর দেশে ফেরা বিলম্বিত করার কৌশলও হতে পারে।

স্থলপথে বাংলাদেশে ফিরতে পারেন হাসিনা?
হাসিনার সামনে আরও একটি সম্ভাব্য পথ রয়েছে। তিনি যদি নিজে দেশে ফিরতে চান, তাহলে পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বনগাঁ সীমান্ত সংলগ্ন বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর ব্যবহার করার বিষয়টিও বিবেচনায় আসতে পারে। তবে এই পথে দেশে ফেরার চেষ্টা হলে ভারত-বাংলাদেশ সীমান্তে দ্রুত উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। এমন পরিস্থিতি এড়াতে চাইবে নয়াদিল্লি এবং ঢাকা, দুই দেশই।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাসনে যাওয়ার পর নেতাদের দেশে ফেরার নজির রয়েছে। তারেক রহমান নিজেও দীর্ঘদিন স্বেচ্ছানির্বাসনে লন্ডনে ছিলেন। গত বছর নির্বাচনের আগে তিনি বাংলাদেশে ফিরে আসেন। শেখ হাসিনাও ১৯৮১ সালে ভারতের নির্বাসন থেকে ঢাকায় ফিরেছিলেন। তবে তখনকার পরিস্থিতি ছিল সম্পূর্ণ আলাদা। ১৯৭৫ সালের হত্যাকাণ্ডে বাবা শেখ মুজিবুর রহমান সহ পরিবারের অধিকাংশ সদস্যকে হারানোর পর তাঁকে তখন একজন ক্ষতিগ্রস্ত মানুষ হিসেবেই দেখা হয়েছিল। কিন্তু বর্তমানে ২০২৪ সালের আন্দোলনের সময় বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে দণ্ডিত হয়ে বাংলাদেশের চোখে তিনি মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামি।

Advertisement

সব মিলিয়ে ১৬ ডিসেম্বর যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক জল্পনা। শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরতে পারবেন, নাকি প্রত্যর্পণ নিয়ে ভারত-বাংলাদেশের কূটনৈতিক টানাপড়েন আরও বাড়বে, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

 

POST A COMMENT
Advertisement