বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- এএফপি ফাইল ছবিগ্রেফতার, যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসি, কোনও হুমকিই তাঁকে দেশে ফেরা থেকে রুখতে পারবে না। এমনই জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার নির্যাস, নিজের দেশে ফিরতে মরিয়া হাসিনা, তার জন্য যে কোনও কিছুর সম্মুখীন হতে তিনি প্রস্তুত।
আমি সব কিছুর জন্য প্রস্তুত: শেখ হাসিনা
সংবাদ সংস্থা IANS-কে দেওয়া একটি অডিও সাক্ষাত্কারে হাসিনা জানিয়েছেন, বাংলাদেশে ফেরা যে তার পক্ষে ভীষণ ঝুঁকির কাজ, তা তিনি জানেন। কিন্তু কোনও ঝুঁকিই তাঁকে রুখতে পারবে না। হাসিনার কথায়, 'দেখুন, আমি জানি অনেক ঝুঁকি রয়েছে। আমি হয়তো ঢাকায় নামলেই ওরা গ্রেফতার করবে। এই সব কিছুর জন্যই আমি তৈরি। ওরা হয়তো আমায় হত্যা করবে। কিন্তু অনেক বছর আগে থেকেই আমি আমার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে চিন্তা করা ছেড়ে দিয়েছি। ১৯৮১ সালেও আমি বাংলাদেশে ফিরেছিলাম, তখন সেনা শাসন ছিল।'
ভয় আমাকে কখনওই দমিয়ে রাখতে পারেনি: শেখ হাসিনা
এরপর ২০০৭ সালের ঘটনার প্রসঙ্গও টানেন হাসিনা। বলেন, '২০০৭ সালেও আমি জানতাম সেনার নিয়ন্ত্রণে থাকা সরকার আমায় গ্রেফতার করতে পারে। আমি জেল খেটেছি, একাধিক বার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু ভয় আমাকে কখনওই দমিয়ে রাখতে পারেনি। আমি যেটা ঠিক মনে করি, সেটাই করি।'
ইতিমধ্যে ফের তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। এহেন অবস্থা নিয়ে বিএনপি সরকারকে টার্গেট করলেন হাসিনা। তাঁর অভিযোগ, আওয়ামী লিগের নেতা, কর্মীদের খুন করা হচ্ছে, তার সঙ্গে সাধারণ মানুষও ভুগছে। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশ একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।
যদি মরতেই হয়, নিজের দেশের মাটিতেই মরব
তিনি বললেন, 'আজ আমার দেশ একটি ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের নেতা, কর্মীদের খুন করা হচ্ছে। সাধারণ মানুষের উপর অত্যাচার চলছে। এই পরিস্থিতিতে আমি কী করে দূরে থাকতে পারি? আমার গোটা রাজনৈতিক জীবনই বাংলাদেশের মানুষের সঙ্গে কেটেছে। আমার যা-ই হয়ে যাক, আমি বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াবোই। আমাকে যদি মরতেই হয়, নিজের দেশের মাটিতেই মরব।'
২০২৪ সালের অগাস্ট আন্দোলনে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করলেন মুজিব-কন্যা। এই ঘটনায় সরাসরি তিনি দায়ী করলেন মহম্মদইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে। হাসিনা বললেন, 'আমি কখনও কোনও নিরীহ মানুষকে হত্যার নির্দেশ দিইনি। এই সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। প্রতিটি মৃত্যুই দুঃখজনক। একজন প্রধানমন্ত্রী হিসেবে, আমার প্রাথমিক দায়িত্বই দেশের মানুষের জীবনকে সুরক্ষিত করা। সেই কারণেই, আমি জানতে চেয়েছিলাম, ঠিক কী ঘটেছিল? এই কারণেই ২০২৪ সালের ১৮ জুলাই আমি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছিলাম। ১ অগাস্ট ওই কমিশনকে আরও বিস্তার করেছিলাম, যাতে প্রতিটি ঘটনার তদন্ত হয়। কিন্তু মহম্মদ ইউনুস ক্ষমতায় আসার পরে কী হল? উনি সব তদন্ত বন্ধ করে দিলেন।'