Bangladesh Newsবাংলাদেশের ক্ষমতায় বিএনপি। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠনের তোড়জোড় শুরু করেছেন তারেক রহমান। আগামী চার দিনের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর শপথগ্রহণ হতে পারে। ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠানের সম্ভাবনা। বাংলাদেশর এই রাজনৈতিক পরিবর্তনের দিকে জর রাখছে। বিএনপি জমানায় ভারতের সঙ্গে কেমন সম্পর্ক হবে বাংলাদেশের, সে ব্যাপারে আজতকে খোলসা করলেন তারেক রহমানের দুই উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার ও হুমায়ূন কবীর এবং বিএনপির প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাঁকে জয়ের অভিনন্দন জানিয়েছেন। এই আলাপচারিতাকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ প্রসঙ্গে জিয়াউদ্দিন হায়দার বলেন,'এই উদ্যোগ দুই দেশের মধ্যে আলোচনার পথ প্রশস্ত করার উত্তম সুযোগ'। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বাংলাদেশ সফর। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের শোকবার্তা পাঠানো। দুই দেশের সম্পর্কের উন্নতিতে ইতিবাচক বার্তা বলে মনে করেন জিয়াউদ্দিন।
নতুন বাংলাদেশ সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির কথাও তুলে ধরেন জিয়াউদ্দিন হায়দার। তাঁর মতে, সরকারের অগ্রাধিকার হবে দেশের উন্নয়ন এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জলবায়ু পরিবর্তন এবং খাদ্য নিরাপত্তার মতো বিষয়গুলিও গুরুত্ব দিয়ে দেখা হবে। এর পাশাপাশি অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের নীতি প্রণয়ন করবে সরকার।
ভারত এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্মানজনক সম্পর্ক স্থাপন করা বাংলাদেশের বিদেশনীতির অগ্রাধিকার হবে বলে দাবি করেছেন জিয়াউদ্দিন। বলেন,'সার্ককে ফের সক্রিয় করলে এই অঞ্চলের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিভিন্ন দেশের সঙ্গে কথা বলব। কারণ আমরা সম্পর্ক রাখায় বিশ্বাসী'।