কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনাবাংলাদেশের কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল কমপক্ষে ১২ জনের। রেললাইনের ক্রসিংয়ে উঠে পড়া বাসে ট্রেনের ধাক্কায় দুর্ঘটনা স্থলেই নিহত হয়েছেন ১২ জন। স্থানীয় সূত্রের খবর আহতের সংখ্যা শতাধিক। তাদের অনেকের অবস্থা গুরুতর। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, রেলগেটটি সম্ভবত খোলা ছিল। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
কুমিল্লায় রেলক্রসিংয়ে এই দুর্ঘটনার কারণ জানার জন্য বাংলাদেশ রেলওয়ের তরফে দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে দুই গেটম্যানকে। পুলিশ এবং বাংলাদেশ রেল সূত্রে খবর, শনিবার রাত ২টা ৫৫ মিনিটে, চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালির দিকে যাওয়া যাত্রিবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকা মেল ট্রেনের সংঘর্ষ হয়। তাতেই মারা যান অন্তত ১২ জন। মৃতদের মধ্যে দু’জন মহিলা এবং ৩ জন শিশু। আহতদের ভর্তি করা হয় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল-সহ অন্যান্য হাসপাতালে।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনটি পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা অতিক্রম করার সময়যাত্রীবাহী বাসটি রেললাইন পার হচ্ছিল। মামুন পরিবহনের বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালী যাচ্ছিল। এ সময় দ্রুতগতির ট্রেনটি বাসটিকে সজোরে ধাক্কা দিলে বাসটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। সংঘর্ষের পর বাসটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত ট্রেনের সঙ্গে টেনে নিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহতদের স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।