পিনাকী ভট্টাচার্যবাংলাদেশের ভোটে বড় জয় পেয়েছে তারেক রহমানের BNP। খারাপ অবস্থা জামাত-ই ইসলামী জোটের। আর এই খবর চাউর হওয়ার পরই সমাজমাধ্যমে 'গালাগালি' খাচ্ছেন বাংলাদেশের প্রবাসী নাগরিক তথা জামাতপন্থী পিনাকী ভট্টাচার্য। তিনি একটি পোস্টে লেখেন, 'এই বিজয় বিএনপি ডিপ স্টেট আওয়ামী লিগ আর ইন্ডিয়ার'। আর তারপর জনতার যত ক্ষোভ গিয়ে পড়ছে পিনাকীর উপর।
যদিও সমাজমাধ্যমে এত চর্চিত ব্যক্তিকে অনেকেই তেমন একটা চেনেন না। বিশেষত, এপার বাংলার বাঙালির কাছে পরিচিত নন পিনাকী। তাই আজকের নিবন্ধ তাঁদের জন্য, যাঁরা জানতে চাইছেন কে এই ব্যক্তি।
পিনাকী ভট্টাচার্য কে?
পিনাকী ভট্টাচার্যের জন্ম ১৯৬৭ সালের ১৫ ডিসেম্বর। তিনি আওয়ামী লিগ সরকারের তীব্র বিরোধী হিসেবে পরিচিত। পাশাপাশি 'ইন্ডিয়া বিরোধী' হিসেবেও তাঁর বড্ড 'সুনাম' রয়েছে বাংলাদেশে।
তবে বর্তমানে তিনি বাংলাদেশে থাকেন না। তিনি প্রবাসী। তাঁর বাস ফ্রান্সে। তিনি নিজেকে অনলাইন অ্যাক্টিভিস্ট বলতেই ভালোবাসেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে। পাশাপাশি লেখালিখি করেন তিনি। রয়েছে ১৮টি বই। এছাড়া আবার চিকিৎসা কাজের সঙ্গেও যুক্ত পিনাকী।
বাম রাজনীতির অংশ ছিলেন
যতদূর জানা যায়, রাজনীতির সঙ্গে লম্বা যোগ রয়েছে পিনাকীর। বাম ভাবনার কাছাকাছি ছিলেন তিনি। তবে এখন তিনি উগ্র ইসলামপন্থী জামায়াত-ই ইসলামির সমর্থক। সোশ্যাল মিডিয়ায় তিনি জামাতের হয়েই প্রচার চালিয়ে যান।
নিরাপদ সড়ক চাই আন্দোলনে সময় আলোচিত
পিনাকীর ক্ষোভ রয়েছে আওয়ামী লিগের প্রতি। তিনি ২০১৮ সালে নিরাপদ সড়ক চাই বলে একটি আন্দোলনে অংশ নেন। তারপরই তাঁকে আত্মগোপন করতে হয়। সেই সময় থেকে চর্চিত পিনাকী।
জুলাই আন্দোলনকেও সাপোর্ট...
শেখ হাসিনা সরকারের পতনের কারণ ছাত্রযুব আন্দোলন। জুলাই, অগাস্টের সেই আন্দোলনের সমর্থনে প্রথম থেকে সরব ছিলেন পিনাকী। আর শেখ হাসিনা পদচ্যুত হওয়ার পর আনন্দে বিহ্বল হয়েও পড়েছিলেন।
তবে সেই সুখ বেশিদিন স্থায়ী হল না পিনাকীর। কারণ, তাঁর সমর্থিত দল কট্টর জামাত এই ভোটে গো হারা হেরেছে। জিতেছে বিএনপি। এমন পরিস্থিতিতে বাংলাদেশের জামাত বিরোধী মানুষের রাগ গিয়ে পড়ছে পিনাকীর ওপর। তাঁকে যাতাভাবে 'গালাগালি' দেওয়া হচ্ছে।
তবে এতকিছুর পরও দমবার পাত্র নন পিনাকী। তিনি জামাতকে যোগ্য বিরোধীর ভূমিকা পালন করার পরামর্শ দিয়ে পোস্ট করেছেন। যদিও সেই পোস্টেও 'খিল্লির' বন্যা বয়ে যাচ্ছে।