
বলিউডের অত্যন্ত প্রতিভাবান অভিনেতাদের মধ্যে প্রথমসারিতেই আসে তাঁর নাম। সেই রাজপাল যাদব আজ নিঃস্ব! কমেডি হোক বা সিরিয়াস, একটি সিনেমাকে একা টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন রাজপাল। একটি চেক বাউন্সের মামলায় দিল্লিতে তিহার জেলে আত্মসমর্পণ করেছেন তিনি।

পুলিশকে জানিয়েছেন, তিনি নিঃস্ব। এমনকী কোনও বন্ধুও নেই চারপাশে। একা হয়েই আত্মসমর্পণের পথ বাছলেন। বর্তমানে রাজপাল যাদব তিহার জেলে বন্দি রয়েছেন।

বলিউডের অত্যন্ত জনপ্রিয় ও নামী অভিনেতা রাজপাল যাদব। ২০০০ সালে জঙ্গল সিনেমায় নেগেটিভ রোলে অভিনয়ে বলিউডের তাবড় অভিনেতাদের চমকে দিয়েছিলেন তিনি। Phir Hera Pheri, Hungama, Mujhse Shaadi Karogi, Bhool Bhulaiyaa সহ বহু ছবিতে রাজপালের পারফর্ম্যান্স মুগ্ধ করে দেয়।

আবার একেবারে অন্য ঘরানার ছবি, Main, Meri Patni Aur Woh-তে ঋতুপর্ণা সেনগুপ্তর বিপরীতে তাঁর অভিন মুগ্ধ করেছে। শিগগিরই তাঁকে প্রিয়দর্শনের হরর-কমেডি ‘ভূত বাংলো’-তে দেখা যাবে।

বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব অবশেষে দিল্লির তিহার জেলে আত্মসমর্পণ করেছেন। দিল্লি হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয়। আদালত আগেই তাঁকে ৪ ফেব্রুয়ারির মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল।

সেই সময়সীমা মানা হয়নি বলেই আদালত আর কোনও ছাড় দেয়নি। হাইকোর্ট তাঁকে জানায়, আইনের চোখে সবাই সমান। কেউ অভিনেতা বা পরিচিত মুখ বলেই আলাদা সুবিধা পাবে না।

ঘটনার সূত্রপাত ২০১০ সালে। অভিযোগ, নিজের পরিচালনায় তৈরি প্রথম ছবি ‘আতা পাতা লা পাতা’ বানানোর জন্য রাজপাল যাদব দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন।

ছবিটি ২০১২ সালে মুক্তি পেলেও সেই টাকা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ। ২০১৮ সালে রাজপাল যাদব ও তাঁর স্ত্রী রাধা যাদবের বিরুদ্ধে মামলা দায়ের হয়। পরে একাধিক চেক বাউন্সের মামলাও হয়।

আদালতের নথি অনুযায়ী, সাতটি মামলায় প্রতিটিতে ১.৩৫ কোটি টাকা করে দেওয়ার নির্দেশ ছিল। ২০২৫ সালের অক্টোবর মাসে ৭৫ লক্ষ টাকার দুটি ডিমান্ড ড্রাফট জমা পড়ে। এখনও প্রায় ৯ কোটি টাকা বকেয়া রয়েছে। আদালত জানিয়ে দেয়, বারবার সময়সীমা বাড়ালে আদালতের নির্দেশের গুরুত্ব নষ্ট হয়।

আত্মসমর্পণের আগে তিনি সংবাদমাধ্যমে বলেন, 'আমি কী করব স্যার? আমার কাছে টাকা নেই। আর কোনও উপায়ও দেখছি না।' এমনকী বলিউডের কোনও বন্ধুবান্ধবও তাঁর পাশে নেই বলে জানান তিনি। তাঁর কথায়, 'এখানে সবাই একা। এই সমস্যার মোকাবিলা আমাকেই করতে হবে।'

রাজপালের এই কাতর আর্তি সামনে আসার পরেই একে একে বলিউড অভিনেতারা এগিয়ে আসেন সাহায্য নিয়ে। অন্যদিকে লালুপ্রসাদ যাদবের ছেলে তেজপ্রতাপও ১১ লক্ষ টাকা অনুদা দেন রাজপালকে।

এই কঠিন সময়ে রাজপালের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সোনু সুদ। তিনি ঘোষণা করেছেন, নিজের আগামী ছবিতে রাজপাল যাদবকে নেওয়া হবে। আগাম একটি সাইনিং অ্যামাউন্টও দেবেন, যা ভবিষ্যতের কাজের সঙ্গে সমন্বয় করা হবে। সোনুর বক্তব্য, এটা দয়া নয়। মর্যাদা রক্ষা করার প্রয়াস। তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির সকলকে একজোট হওয়ার আহ্বানও জানিয়েছেন।