আমির খান, গৌরী স্প্র্যাটবলিউডে ফের সানাই বাজতে চলেছে। দীর্ঘদিনের বান্ধবী গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে চলেছেন আমির খান। ৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। গৌরীর বয়স ৪৭ বছর। দু'জনের বয়সের ফারাক ১৪ বছর। আগামী ৫ জুলাই, আইনী বিয়ে সারবেন আমির- গৌরী। শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে জুটির এই বিয়ের অনুষ্ঠান হবে আমিরের বাড়িতেই। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, আমিরের বিয়েতে হাজির থাকতে পারেন সলমন খান এবং শাহরুখ খান। কীভাবে হল গৌরীর সঙ্গে আমিরের প্রেম? জেনে নিন খুঁটিনাটি।
২০২৫ সালের ১৩ মার্চ, নিজের ৬০তম জন্মদিনে আমির গোটা দুনিয়ার সামনে গৌরীর পরিচয় করিয়ে দেন। এদিন তিনি জানান, তাঁরা একে অপরকে ২৫ বছর ধরে চিনলেও, তাঁদের প্রেমের সম্পর্কের শুরু হয়েছিল এর ঠিক এক বছর আগে। অর্থাৎ ২০২৪ সালে। গৌরী ছয় বছর বয়সী এক ছেলের মা। তাঁদের এই সম্পর্কের প্রতি দুই পরিবারেরই পূর্ণ সম্মতি রয়েছে। এর আগে আমিরকে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি তৃতীয়বার বিয়ে করবেন কিনা। উত্তরে তিনি জানিয়েছিলেন, তাঁর এমন কোনও পরিকল্পনা নেই। সেসময় তিনি বলেছিলেন, ৬০ বছর বয়সে তৃতীয়বার বিয়ে করাটা তাঁর জন্য বেমানান হবে।
২০২৫ সালের মার্চে, সম্পর্কের বিষয়টি নিশ্চিত করার পর, আমিরকে প্রথমবা মতো গৌরীর সঙ্গে প্রকাশ্যে দেখা যায়। মুম্বইয়ের 'এক্সেল এন্টারটেইনমেন্ট'-র অফিসের বাইরে এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল। একটি ভিডিওতে দেখা যায়, দু'জনে হেঁটে তাঁদের গাড়ির দিকে যাচ্ছেন। সেখানে আমির পাপারাৎজ্জিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং গৌরী তাঁদের গাড়িতে উঠতে সহায়তা করেন। ওই বছরই ১৩ এপ্রিল, একটি অনুষ্ঠানে আমির ও গৌরীকে আবারও একসঙ্গে দেখা যায়। এর আগের দিন, অর্থাৎ ১২ এপ্রিল, তাঁরা 'ম্যাকাউ আন্তর্জাতিক কমেডি উৎসব'-এ ট্রাডিশনাল পোশাকে হাজির হয়েছিলেন। একে অপরের হাত ধরে, আমির ও গৌরী চীনা শিল্পী 'শেন'-র সঙ্গে ছবি তোলার জন্য পোজ দিয়েছিলেন। এরপর, ২০২৫ সালের ২৮ এপ্রিল, আমির, গৌরী এবং আমিরের ছেলে জুনায়েদ—এই তিনজন মিলে মুম্বইয়ে আমিরের প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
২০২৫ সালের ১ জুন, রাজ শামানির পডকাস্টে আমির জানান যে, এক বন্ধুর মাধ্যমেই গৌরীর সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। তিনি বলেন, "গৌরী এবং আমার দেখা হয়েছিল সম্পূর্ণ আকস্মিকভাবে। আমাদের মনের মিল হয় এবং শেষমেশ আমরা একে অপরের প্রেমে পড়ি।" ২০ জুন, আমির তাঁর সঙ্গী গৌরী এবং ছেলে আজাদের সঙ্গে 'সিতারে জমিন পর'-র প্রিমিয়ারে উপস্থিত ছিলেন। তাঁরা তিনজন ক্যামেরার সামনে পোজও দিয়েছিলেন। ২০২৫ সালের ৮ জুলাই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমির খান জানান যে, তিনি গৌরীর ব্যাপারে অত্যন্ত আন্তরিক ছিলেন এবং মনে মনে তাঁকে আগেই বিয়ে করে ফেলেছিলেন। সুপারস্টারের এমন স্বীকারোক্তিতে সকলে হতবাক হয়েছিলেন।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ২২ জানুয়ারি আমির ও গৌরী তাঁদের নতুন বাড়িতে থাকতে শুরু করেন। 'বলিউড হাঙ্গামা'-র একটি প্রতিবেদন অনুসারে, এই নতুন বাড়িটির মালিকানা আমিরের পরিবারের হাতেই রয়েছে; যা তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা এবং পারস্পরিক নৈকট্য—উভয়ই নিশ্চিত করে। ২০২৬ সালের ১৪ মার্চ, আমির তাঁর ৬১তম জন্মদিন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নিজের বাড়িতেই উদযাপন করেন। এই অনুষ্ঠানে গৌরী এবং তাঁদের সন্তান জুনায়েদ, ইরা ও আজাদ উপস্থিত ছিলেন। ১৫ মার্চ, প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান ইনস্টাগ্রামে সেই উদযাপনের একটি ভিডিও শেয়ার করেন। ২০২৬ সালের ২৯ এপ্রিল এক সাক্ষাৎকারে আমির খান তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করেন এবং জানান যে, গৌরীর সঙ্গে পরিচয়ের পর তাঁর জীবনে এক গভীর মানসিক পরিবর্তন এসেছিল। তিনি বলেন যে, জীবনে গৌরীকে পাশে পাওয়াটা তাঁর জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় এবং বর্তমানে তিনি ভীষণ সুখে আছেন। আমির ও গৌরীর বিয়ের ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুগামীরা।