Kareena Kapoor: কোরানের অবমাননা করেছেন করিনা কাপুর, নোটিশ পাঠালেন কংগ্রেস নেতা

করিনার গলায় দেখা গিয়েছিল ৩০ ক্যারেটের পান্না বসানো একটি পেনড্যান্ট। তাতে খোদাই করা রয়েছে পবিত্র কোরানের আয়াত। আর সেই গয়নাকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক।

Advertisement
কোরানের অবমাননা করেছেন করিনা কাপুর, নোটিশ পাঠালেন কংগ্রেস নেতাকরিনাকে আইনি নোটিশ।
হাইলাইটস
  • করিনাকে নোটিশ পাঠালেন কংগ্রেস নেতা।
  • তাঁর বিরুদ্ধে কোরান অবমাননার অভিযোগ।

দীপাবলিতে পরা একটি রাজকীয় হারকে ঘিরে বিতর্কে অভিনেত্রী করিনা কাপুর খান। ওই হারের কারণে তাঁর বিরুদ্ধে কোরান অবমাননার অভিযোগ করেছেন কংগ্রেস নেতা তথা দলের জাতীয় মিডিয়া কো-অর্ডিনেটর আব্বাস হাফিজ। করিনা এবং তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিসও পাঠিয়েছেন। তাঁর অভিযোগটা ঠিক কী?

দীপাবলিতে নিজের সাজের একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন করিনা। ছবিতে ডিজাইনার পুনীত বালানার তৈরি কাফতান এবং পাগড়িতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর রাজকীয় সাজে সবচেয়ে বেশি নজর কেড়েছিল ৩০ ক্যারেটের পান্না দিয়ে তৈরি লকেট। তাতে খোদাই করা রয়েছে কোরানের আয়াত। ছবি প্রকাশ্যে আসার পর করিনার সাজ নিয়ে চর্চা শুরু হলেও এখন সেই লকেটই বিতর্কের কেন্দ্রে।

২০০ বছরের পুরনো লকেট

করিনার এই সাজের পিছনে রয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা সেলিব্রিটি স্টাইলিস্ট রিয়া কাপুর। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে রিয়া জানিয়েছিলেন, করিনা প্রায় ২০০ বছরের পুরনো রাজকীয় গয়না পরেছিলেন। সেই গয়নার মধ্যে ছিল ভোপালের নবাবের পাগড়ির অলঙ্কার এবং ভোপালের বেগমের ৩০ ক্যারেটের পান্না। যার উপর খোদাই করা রয়েছে কোরানের আয়াত 'আয়াতুল কুরসি'।

রিয়া জানিয়েছিলেন, এই গয়নাগুলি ভোপালের রাজপরিবারের পারিবারিক ঐতিহ্য। সইফ আলি খানের পরিবারের সূত্রেই সেগুলি এসেছে করিনার কাছে। বিশেষ এই লকেটের সঙ্গে সরাসরি যোগ রয়েছে পতৌদি এবং ভোপালের রাজপরিবারের।

করিনা ও রিয়াকে আইনি নোটিশ

১১ নভেম্বর করিনা এবং রিয়াকে আইনি নোটিশ পাঠিয়েছেন আব্বাস হাফিজ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সেই ছবি, ভিডিও এবং পোস্ট নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি। নোটিসে দাবি করা হয়েছে, তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সরিয়ে ফেলতে হবে। প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তাঁদের। সেই সঙ্গে আশ্বাস দিতে হবে, ভবিষ্যতে কোরানের পবিত্র আয়াত খোদাই করা এই গয়নাকে এমনভাবে তুলে ধরা হবে না, যাতে ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ণ হয়।

নোটিসে আব্বাস হাফিজ স্পষ্ট করেছেন, করিনার পোশাক, ব্যক্তিগত পছন্দ বা গয়না পরার স্বাধীনতা নিয়ে কোনও আপত্তি নেই। তাঁর প্রতিবাদের কারণ কোরানের পবিত্র আয়াত খোদাই করা পেনড্যান্টটি যেভাবে ছবিতে তুলে ধরা হয়েছে। পবিত্র আয়াত পরা বা প্রকাশ্যে প্রদর্শনের ক্ষেত্রে ধর্মীয় সম্মান ও মর্যাদা রাখা প্রয়োজন। আব্বাসের বক্তব্য, করিনার ছবিতে পেনড্যান্টটি যে পোশাক ও ভঙ্গিতে তুলে ধরা হয়েছে, তা তাঁর মতে ধর্মীয় মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

Advertisement

করিনা ও রিয়ার কী প্রতিক্রিয়া?

এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত এই বিতর্ক নিয়ে করিনা বা রিয়ার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

POST A COMMENT
Advertisement