চুপ করে থাকার পাত্রী নন নীনা গুপ্তা। সমাজে সাধারণ মানুষকেও তাঁদের চেহারা, বয়স, গায়ের রঙ, পোশাক নিয়ে কথা শুনতে হয়। সেলেব্রিটি তো কোন ছাড়! বয়স নিয়ে প্রশ্ন। বিয়ে নিয়ে প্রশ্ন। তার উপর শরীরের গঠন নিয়েও কটাক্ষ। তবে চুপ করে থাকার পাত্রী নন নীনা গুপ্তা। বরং মুখের উপর জবাব দিতেই পছন্দ করেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নাক গলানো আত্মীয় এবং শরীর নিয়ে মন্তব্য করা ট্রোলারদের কড়া জবাব দিলেন।
বিয়ে নিয়ে কেউ প্রশ্ন করলে কী বলেন নীনা? তাঁর উত্তর বেশ চমকে দেওয়ার মতো। CNN-News18-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তাঁকে যদি কেউ বলেন, 'বিয়ে কবে করছেন?', তা হলে তিনি পাল্টা প্রশ্ন করেন। বলেন, 'তোমার বাবার টাকায় তো খাই না। তা হলে তোমার এত সমস্যা কেন?' অর্থাৎ নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একান্তই তাঁর। অন্যের অনুমোদনের প্রয়োজন নেই।
‘আমি প্রেগন্যান্ট’ কেন বলেছিলেন নীনা?
শুধু বিয়ে নয়। নিজের শরীর নিয়েও বহুবার কটাক্ষ শুনতে হয়েছে অভিনেত্রীকে। এমনই একটি ঘটনার কথাও জানালেন। বললেন, শাড়ি পরার সময় কোমরের কাছে কাপড় একটু ঠিক করেছিলেন তিনি। তার ফলে ওই জায়গায় কাপড় কিছুটা বেশি জমে যায়। আর সেই ছবি বা দৃশ্য দেখেই কয়েক জন তাঁর ওজন নিয়ে মন্তব্য শুরু করেন।
বিষয়টি আরও অস্বস্তিকর হয়ে ওঠে বয়সকে টেনে আনায়। নীনার কথায়, এমন মন্তব্যও করা হয়েছিল যে, এই বয়সে কি তিনি অন্তঃসত্ত্বা? অভিনেত্রীর বক্তব্য, এই ধরনের মন্তব্যকে গুরুত্ব দেওয়ার কোনও কারণ নেই।
বরং পরিস্থিতিকে অন্যভাবে সামলেছিলেন তিনি। নীনা জানান, নিজের টিমকে বলে দিয়েছিলেন, সবাইকে যেন বলা হয় যে তিনি সত্যিই অন্তঃসত্ত্বা!
ট্রোলারদের জবাব নীনার
শরীর নিয়ে কটাক্ষের মুখে পড়া মানুষদের জন্য নীনার পরামর্শও বেশ স্পষ্ট। তাঁর মতে, কেউ যদি শরীর বা ওজন নিয়ে মন্তব্য করেন, তা হলে সব সময় আত্মপক্ষ সমর্থনে ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। বরং হাস্যরসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করা যেতে পারে।
'হ্যাঁ, আমি প্রেগন্যান্ট', এই ধরনের উত্তর দিয়ে বিষয়টি উড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, শরীর নিয়ে অন্যের মন্তব্যকে নিজের আত্মবিশ্বাসের উপর প্রভাব ফেলতে দেওয়া উচিত নয়।
নতুন ওয়েব সিরিজ ‘চুম্বক’-এ নীনা
কাজের দিক থেকে আপাতত বেশ ব্যস্ত নীনা গুপ্তা। শীঘ্রই তাঁকে দেখা যাবে নতুন কমেডি-ড্রামা ওয়েব সিরিজ ‘চুম্বক’-এ।
সিরিজে নীনা গুপ্তার সঙ্গে রয়েছেন দেবেন ভোজানি, অর্জুন বিজলানি, হেলি শাহ, সুমীত ব্যাস, মানসী পারেখ, সুমীত রাঘবন, সন্দীপা ধর, দেলনাজ ইরানি, অনন্ত ভি. জোশী এবং আমায়রা দস্তুর।