সাফল্যের এই ধারাবাহিকতার মাঝেই আচমকা অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।Pankaj Tripathi break from acting: তথাকথিত নায়কসুলভ দেখতে নয়। নেপোটিজমের বালাইও নেই। তারপরও বলিউডে দাপিয়ে কাজ করছেন পঙ্কজ ত্রিপাঠী। মির্জাপুর-এর কালীন ভইয়া, গ্যাংস অফ ওয়াসেপুর-এর সুলতান কুরেশি, স্ত্রী-র রুদ্র কিংবা ক্রিমিনাল জাস্টিস-এর আইনজীবী মাধব মিশ্র; একের পর এক স্মরণীয় চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতেছেন। কিন্তু সাফল্যের এই ধারাবাহিকতার মাঝেই আচমকা অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই সেই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করলেন।
Variety India-কে দেওয়া সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী জানান, দীর্ঘ সময় ধরে একটানা কাজ করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। অভিনয়ের প্রতি যে আগ্রহ ও উত্তেজনা তাঁকে শুরুতে অনুপ্রাণিত করত, তা ধীরে ধীরে কমে যাচ্ছিল। সেই কারণেই নিজের কাজের প্রতি সৎ থাকতে চেয়েছিলেন। অভিনেতার কথায়, 'আমি একের পর এক প্রোজেক্টে কাজ করেই যাচ্ছিলাম। ধীরে ধীরে একঘেয়েমি আর ক্লান্তি অনুভব করতে শুরু করছিলাম। কাজের আনন্দ যেন কমে যাচ্ছিল। তাই একটা বিরতির প্রয়োজন ছিল।'
অভিনেতা জানান, এখন তিনি অনেক বেশি বেছে বেছে কাজ করছেন। সব প্রস্তাবে রাজি না হয়ে কেবল সেই সব চরিত্রই গ্রহণ করছেন, যা তাঁকে নতুন করে উৎসাহ দেবে। পঙ্কজ বলেন, 'আমি এখন এমন একটা পর্যায়ে এসে গিয়েছি যে, শুধু শিল্পী হিসাবে তৃপ্তিটুকুর জন্যই কাজ করতে চাই। স্রেফ EMI বা টাকা উপার্জনের জন্য অভিনয় করতে পারব না। যে কাজ আমাকে সত্যিই অনুপ্রাণিত করবে, শুধুমাত্র তার জন্যই ঘর থেকে বেরব।'
২০২৫ সালে পঙ্কজ ত্রিপাঠী খুব কমই কাজ করেছেন। সে বছর তাঁর একমাত্র ছবি ছিল ‘মেট্রো… ইন দিনো’ এবং ওয়েব সিরিজ় ‘ক্রিমিনাল জাস্টিস: আ ফ্যামিলি ম্যাটার’। এর আগেও এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এই এত চাপ, দ্রুত জীবনযাত্রার মধ্যে যেন নিজেকে হারিয়ে ফেলছিলেন। বিশেষ করে কোভিডের পরে কাজের চাপ বেড়ে গিয়েছিল।
পঙ্কজের কথায়, একজন অভিনেতার নিজের সৃজনশীল শক্তিকে সতর্কভাবে ব্যবহার করা উচিত। টানা শুটিং এবং ব্যস্ত সময়সূচির কারণে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। '৩০ দিন একটানা কাজ করলে ক্লান্তি আসবেই। আমিও ক্লান্ত হয়ে পড়েছিলাম,' বলেন তিনি। তাই নিজের কাজের গতি কমিয়ে আনার সিদ্ধান্ত নেন। তাঁর মতে, দর্শকদেরও অপেক্ষা করা উচিত।
অভিনয়ের পাশাপাশি জীবনের ছন্দ বদলাতেও আগ্রহী পঙ্কজ। তিনি বলেন, 'আমি বাঁচার জন্য অভিনয় করি, অভিনয়ের জন্য বাঁচি না। আগে খুব হেকটিক জীবন কাটিয়েছি। এখন একটু ধীরস্থিরভাবে বাঁচতে চাই।'
তবে এরই মধ্যে টুকটাক কাজের অফার নিয়ে আলোচনা করছেন। আগে শ্যুট করেছেন এমন কাজের প্রচার, প্রযোজনার দিকেও নজর রাখছেন। অন্য দিকে, তাঁর জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ি ‘মির্জাপুর’ নতুন রূপে ফিরতে চলেছে। ‘মির্জাপুর দ্য মুভি’ আগামী ৪ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা।
অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়ার এই সিদ্ধান্তে পঙ্কজ ত্রিপাঠী যেন আবারও প্রমাণ করলেন, জনপ্রিয়তার চেয়েও শিল্পীর সততাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।