রাজপাল যাদব চেক বাউন্স মামলায় রাজপাল যাদবের মামলায় শুনানি চলছে কোর্টে। সেই শুনানিতে অভিনেতাকে তিরস্কার করল দিল্লি হাইকোর্ট। তাঁকে বারবার সুযোগ দেওয়ার পরও কেন টাকা মিটিয়ে দিলেন না, সেই প্রশ্নও করা হল। রাজপালের প্রায় ৯ কোটি টাকার ঋণ রয়েছে। তা পরিশোধ করতে না পেরে আত্মসমর্পণ করেন তিহার জেলে।
এই মামলার শুনানিতে দিল্লি হাইকোর্ট রাজপালের কাছে জিজ্ঞাসা করে, কেন তিনি সাজা বাতিলের আবেদন করছেন? আদালত বলেছে, 'আপনি অপরাধ স্বীকার করে নিয়েছেন। ধার নেওয়ার কথা মেনছেন। এখন সাজা পেয়ে আপনি স্থগিতাদেশ চাইছেন।' এর উত্তরে রাজপালের আইনজীবী বলেন, 'আমরা সেই তারিখে বলেছিলাম, বিষয়টির মিমাংসা চাই। রাজপাল আদালতকে সম্মান জানাতে আম্তসমর্পণ করেছেন। তিনি ছবিতে বিনিয়োগ করা ৫ কোটি টাকা ফেরত দিতে চান। ৩ কোটি টাকা ইতিমধ্যেই শোধ করেছেন।'
হাইকোর্ট :আমি বুঝতে পারছি না কেন এত বিতর্ক হচ্ছে। আপনি একটি আবেদন করেছেন। আপনি বলেছিলেন, টাকা শোধ করবেন। তারপর বছরের পর বছর কেটে গেলেও টাকা দেননি। আদেশ অমান্য করার কারণে আপনাকে আত্মসমর্পণ করতে হয়। আগের আদেশটি দেখুন। আপনি নিজেই জানিয়েছিলেন, সিনেমা তৈরির জন্য টাকা ধার করেছিলেন। এখন মামলা নিষ্পত্তির কারণ খুঁজছেন। আমি এই বিষয়ে হস্তক্ষেপ করার কোনও কারণ দেখছি না। আপনাকে ২৫-৩০ বার সুযোগ দেওয়া হয়েছিল। টাকা শোধ করতে এত দেরি কেন হল, তা আপনাকে ব্যাখ্যা করতে হবে।
রাজপালের আইনজীবী : আবেদনকারীকে ২.১০ কোটি টাকা জমা দিতে হবে। আমরা চলচ্চিত্র শিল্প এবং জনসাধারণের কাছ থেকে সাহায্য পাচ্ছি।
হাইকোর্ট: এটা কেন বললেন বুঝছি না। আপনি ২৫ বার বলেছেন, ঋণ নিয়েছেন।
রাজপালের আইনজীবী: আমরা আদালতে নিরাপত্তার টাকা জমা দিতে ইচ্ছুক। তবে, রাজপালের পরিবারের একটি বিয়ে আছে, তাই আমাদের জামিনের প্রয়োজন।
প্রসঙ্গত, রাজপাল ইতিমধ্যেই অনেক তারকার কাছ থেকে সমর্থন পেয়েছেন। আত্মসমর্পণের আগে, রাজপাল দিল্লির তিহার জেলের কর্মকর্তাদের কাছে তার দুর্দশার কথা বর্ণনা করেছিলেন। তিনি কাঁদতে কাঁদতে জানিয়েছিলেন, তাঁর কাছে কোনও টাকা নেই এবং এমন কোনও বন্ধুও নেই যারা তাকে সাহায্য করতে পারে।
এই খবর প্রকাশিত হওয়ার পরই চলচ্চিত্র জগতের বেশ কয়েকজন তারকা রাজপালকে আর্থিক সাহায্য করেন। সলমন খান, অজয় দেবগন, বরুণ ধাওয়ান, ডেভিড ধাওয়ান, সোনু সুদ, তেজ প্রতাপ যাদব, রাও ইন্দ্রজিৎ সিং, গুরু রন্ধাওয়া, গুরমিত চৌধুরী, কেআরকে এবং মিকা সিং-রা আছেন সাহায্যকারীর তালিকায়।