রাজকুমার, সৌরভ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনী নিয়ে বায়োপিক তৈরি হচ্ছে। একথা এখন আর কারও অজানা না। সেলুলয়েডে কাকে দেখা যাবে সৌরভের ভূমিকায়, এই প্রশ্নের উত্তর এখন সকলের কাচেই রয়েছে। রেকির পরে এবার শুরু হল ছবির শ্যুটিং। পর্দার সৌরভ, সেই খবর নিজেই ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে।
লভ রঞ্জন এবং অঙ্কুর গর্গের প্রযোজনায়, লাভ ফিল্মস-র ব্যানারে ছবিটি আসছে। বিক্রমাদিত্য মোটওয়ানের পরিচালনায় ১ এপ্রিল থেকে শুরু হল 'দাদা'-র শ্যুটিং। শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে কলকাতায় শ্যুটিং হবে ছবির। রাজকুমারের ভাগ করে নেওয়া পোস্টে রয়েছে একটি ক্যাপস্টিক, যেখানে লেখা 'দাদা'। অন্য একটি ছবিতে স্টেডিয়ামের সাদা-কালো ছবি। ক্লাব হাউসের মাথায় লেখা 'সৌরভ গাঙ্গুলি স্ট্যান্ড'। ২০১৭ সালে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে বিশেষ ভাবে সৌরভের জন্য বানানো হয়েছিল এই স্ট্যান্ড। ক্যাপশনে ভালোবাসা, শুভেচ্ছায় ভরিয়েছেন সকলে।
কিছু মাস আগে পরিচালক- প্রযোজক সহ ছবির টিম কলকাতায় এসে রেকি করে যান। তাঁরা হাজির হয়েছিলেন বীরেন রায় রোডে, সৌরভের বাড়িতে। সৌরভ তাঁর শৈশবে ক্রিকেট খেলতে শুরু করেছিলেন এরিয়ান ক্লাবের অধীনে আসা দুঃখী রাম কোচিং সেন্টারে। পরিদর্শন করতে সেখানেও গিয়েছিলেন পরিচালক- প্রযোজকরা। এছাড়া স্টেডিয়ামে গিয়েও রেকি করেন তাঁরা।
বায়োপিকের গল্পে কী থাকছে?
নির্মাতারা এখনও ছবির গল্প নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি। তবে মনে করা হচ্ছে, এটি মূলত সৌরভের ক্রিকেট কেরিয়ার এবং তাঁর অধিনায়কত্বের ওপর ভিত্তি করেই নির্মিত হচ্ছে। ১৯৯২ থেকে ২০০৮ সাল পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলেছেন এবং টেস্ট ও ওয়ানডে মিলিয়ে মোট ১৮,৫৭৫ রান ও ৩৮ সেঞ্চুরি করেছেন সৌরভ। তাঁকে ভারতের অন্যতম সফল অধিনায়ক হিসেবে মনের করা হয়।
২০২৫ সালের জুলাই মাসে দেওয়া একটি সাক্ষাৎকারে সৌরভ নিজেই রাজকুমার রাওকে এই চরিত্রের জন্য 'যথাযথ পছন্দ' হিসেবে অভিহিত করেছিলেন। তিনি বলেছিলেন, "আমার মনে হয়, সঠিক ব্যক্তিই এই চরিত্রে অভিনয় করছেন... আমি ওঁকে সর্বতোভাবে সহায়তা করব।"
ক্রিকেট নিয়ে ছবি মানেই দর্শকদের মনে বাড়তি উৎসাহ থাকে। আর এই ছবি যখন সকলের প্রিয় 'দাদা' সৌরভকে কেন্দ্র করে, তখন নিঃসন্দেহে সেই উৎসাহ দ্বিগুণ থাকবে।'দাদা' ছবির মাধ্যমে অনুগামীরা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন, তাঁর সংগ্রামের দিনগুলো এবং অধিনায়ক হিসাবে তাঁর সোনালি অধ্যায়কে খুব কাছ থেকে দেখার সুযোগ পাবেন। তবে সৌরভ ছাড়া ডোনা গঙ্গোপাধ্যায় বা অন্যান্য চরিত্রে আর কাদের দেখা যাবে, তা কখনও নিশ্চিত করেনি নির্মাতা বা অভিনেতারা। তবে, এই নিয়ে রয়েছে নানা জল্পনা।