Parambrata As Detective: পর্দায় নতুন গোয়েন্দা! ফেলুদা, ব্যোমকেশের পর এবার পরমব্রতর কাঁধে ভর করে আসছে 'আদিত্য'

Parambrata As Detective: গোয়েন্দা গল্প বাঙালির বরাবর প্রিয়। এবার আরও এক নতুন গোয়েন্দা চরিত্র পেতে চলেছেন দর্শক। এবার রহস্য ভেদ করবেন গোয়েন্দা আদিত্য মজুমদার।

Advertisement
পর্দায় নতুন গোয়েন্দা! ফেলুদা, ব্যোমকেশের পর এবার পরমব্রতর কাঁধে ভর করে আসছে 'আদিত্য'পরমব্রত চট্টোপাধ্যায় (ছবি: সংগৃহীত)

বাঙালির গোয়েন্দা-প্রেম চিরকালের। ফেলুদা, ব্যোমকেশ, শবর বা একেনবাবুর পর এবার ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন আরও এক নতুন গোয়েন্দা। নাম আদিত্য মজুমদার। আর এই গোয়েন্দার জুতোয় পা গলাতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অরিত্র সেনের পরিচালনায় আসছে নতুন থ্রিলারধর্মী ওয়েব সিরিজ় 'ছদ্মবেশী'। এই নতুন রহস্য-রোমাঞ্চ গল্প স্ট্রিমিং হবে হইচই (hoichoi) প্ল্যাটফর্মে। প্রকাশ্যে এল সব চরিত্রের প্রথম লুক।

গোয়েন্দা গল্প বাঙালির বরাবর প্রিয়। এবার আরও এক নতুন গোয়েন্দা চরিত্র পেতে চলেছেন দর্শক। এবার রহস্য ভেদ করবেন গোয়েন্দা আদিত্য মজুমদার। অভিরূপ সরকারের বহুচর্চিত উপন্যাস 'চৌধুরী বাড়ির রহস্য' অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজের গল্প। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। পরমব্রত ছাড়াও সিরিজ়ে রয়েছেন টলিপাড়ার একঝাঁক পরিচিত মুখ। আদিত্য মজুমদারের স্ত্রী রত্নার চরিত্রে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। কিংবদন্তি অভিনেত্রী মন্দাকিনী চৌধুরীর ভূমিকায় থাকছেন জুন মালিয়া। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৃজলা গুহ, ভরত কল, ইন্দ্রাশিস রায়, পায়েল সরকার, খেয়া চট্টোপাধ্যায়, বিমল গিরি, সৌমো বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা। 

 

parambrata chatterjee

গল্পের প্রেক্ষাপট

গল্পটা ঠিক কেমন? এক নামজাদা অভিনেত্রীকে ঘিরে ঘটতে থাকা কিছু অস্বস্তিকর ঘটনা নিছকই দুর্ঘটনা নয়— এই সন্দেহে তদন্তে নামেন পেশায় কিছুটা কোণঠাসা প্রাইভেট ডিটেকটিভ আদিত্য মজুমদার। আর সেই তদন্তের সূত্র ধরেই শহরের এক অত্যন্ত প্রভাবশালী পরিবারের অন্দরমহলে প্রবেশ করেন তিনি। স্ত্রী রত্না এবং এসিপি গৌতমের সাহায্যে আদিত্য যত গভীরে যান, ততই পরতে পরতে খুলতে থাকে আভিজাত্য এবং বিত্তের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার সব রহস্য। এমন এক পরিবার, যেখানে আভিজাত্যটাই আসল, সেখানে প্রতিটি সত্যি সামনে এলেই জন্ম নেয় নতুন প্রশ্নের।

 

Parambrata series

পরিচালক অরিত্র সেন জানান, এই গল্পটা মূলত আমাদের লুকিয়ে রাখা গোপন সত্যির গল্প। যা আমরা অন্যদের থেকে, এমনকী নিজেদের থেকেও আড়াল করে রাখি। এটি একটি টানটান রহস্যের পাশাপাশি পারিবারিক সমীকরণ, উচ্চাকাঙ্ক্ষা এবং মানুষের দুর্বলতারও গল্প। আমরা চেয়েছিলাম এমন একটা দুনিয়া তৈরি করতে, যেখানে প্রত্যেকটা চরিত্রকেই সন্দেহভাজন বলে মনে হবে।"

Advertisement

 

june paayel kheya hoichoi

পরমব্রত চট্টোপাধ্যায়ের কথায়, "চিরাচরিত গোয়েন্দাদের থেকে আদিত্য অনেকটাই আলাদা। তার মধ্যে ভুলভ্রান্তি আছে, সে আবেগপ্রবণ এবং নিজস্ব জীবনের নানা চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করতে করতেই সে এই জটিল রহস্যের সমাধান করতে নামে। চরিত্রটার এই মানবিক দিকটাই আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। হইচই-এর সঙ্গে নির্মাতা বা পরিচালক হিসেবে আমার সম্পর্ক বহুদিনের হলেও, অভিনেতা হিসেবে তাদের কোনও অরিজিন্যাল সিরিজ়ে এটাই আমার প্রথম কাজ।"

ঋতাভরী চক্রবর্তী জানালেন, "আদিত্যর এই জার্নিতে রত্নার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে শুধু তদন্তের অংশই নয়, বরং গল্পে একটা আলাদা বুদ্ধিমত্তা, উষ্ণতা এবং আবেগের গভীরতা যোগ করে। চিত্রনাট্যটা শুরু থেকেই আমাকে আটকে রেখেছিল।"

 

indrasish srijla

পায়েল সরকার বলেন, "হইচই-তে ফেরা মানেই ঘরে ফেরার মতো অনুভূতি। চৌধুরী পরিবারের জটিল সমীকরণের মধ্যে মার্থা স্যাভিও চরিত্রটি অনেকটা কৌতূহল বাড়াবে। এই গল্পে কারও মোটিভই খুব একটা সোজা নয়, আর সেটাই গল্পটাকে এত আকর্ষণীয় করে তুলেছে।"

সব ঠিক থাকলে আগামী জুলাই মাসেই হইচই, বাংলা ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হবে 'ছদ্মবেশী'-র। এখন দেখার, বাঙালির গোয়েন্দা তালিকায় নতুন এই সংযোজন দর্শকদের কতটা মন জয় করতে পারে।


 

POST A COMMENT
Advertisement