
শিল্পজগতের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা উপস্থিত হয়েছিলেন লোক ভবনে। প্রযোজক, পরিচালক, অভিনেতা-অভিনেত্রী, প্রকাশক, উদ্যোগপতিদের অনেকেই গিয়েছিলেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে।

উপস্থিত ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায়, পাওলি দাম, সৌরসেনী মৈত্র, ইন্দ্রনীল, কৌশিক গঙ্গোপাধ্যায়, বিক্রম সেন, সঙ্গীতশিল্পী, নীলাঞ্জনা শর্মা, শুভাপ্রসন্ন, তেজেন্দ্রনারায়ণ মজুমদার-সহ এসভিএফ প্রযোজক।

এই বৈঠককে ঘিরে নানা মহলে কৌতূহল তৈরি হলেও, উপস্থিত শিল্পীরা স্পষ্ট জানিয়েছেন—এটি ছিল সম্পূর্ণ অরাজনৈতিক এবং সৌজন্যমূলক একটি সাক্ষাৎ।

‘প্রভা খৈতান ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে রাজ্যপালের পরিচয়পর্ব এবং মতবিনিময়।

সৌজন্য সাক্ষাতে হাজির ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও। তিনি বলেন যে ‘দারুণ একটা সকাল কাটালাম। এই আমন্ত্রণ পেয়ে খুবই সম্মানিত আমি। আগামী দিনে আমাদের প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলবেন বলে জানিয়েছেন রাজ্যপাল।’

অভিনেত্রী পাওলি দামও একই কথা জানিয়েছেন। একেবারে ঘরোয়া অনুষ্ঠান ছিল।

লোক ভবনে রাজ্যপালের সঙ্গে এই সৌজন্য সাক্ষাতে শিল্পীরা খুবই তৃপ্ত।

অভিনেত্রী ও বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়ও জানান যে তিনিও রাজ্যপালের সঙ্গে কথা বলে খুব খুশী।

অভিনেত্রী সৌরসেনী মৈত্রর অভিজ্ঞতাও ছিল ইতিবাচক। তাঁর কথায়, মনে হল খুব তাড়াতাড়ি সময়টা কেটে গেল। আরও কিছুক্ষণ থাকলে ভাল লাগত।

সূত্রের খবর, প্রায় ৪০ জন শিল্পী, সাহিত্য ও সংস্কৃতি জগতের প্রতিনিধির উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে মূলত শিল্পের বিকাশ, সাংস্কৃতিক পরিসরের ভবিষ্যৎ এবং পারস্পরিক যোগাযোগ আরও দৃঢ় করার বিষয়েই আলোচনা হয়। :ছবি-সংগৃহীত