দেবের লুকস ভাইরালদেব মানেই নতুন কোনও চমক। দেব মানেই দর্শকদের জন্য অপেক্ষা করছে নতুন কিছু। যে কোনও চরিত্রেই অভিনেতা নিজেকে প্রমাণ করতে মরিয়া চেষ্টা করে যান। প্রতি বছরের মতো এই বছরও দেবের একের পর এক ছবি মুক্তির অপেক্ষায়। আর তারই মাঝে দেব ফের নয়া অবতারে হাজির হয়ে সকলকে অবাক করে দিলেন। রাজার সাজে সিংহাসনে বসে দেব ঘোষণা করলেন তিনি আসছেন।
রাজসিংহাসনে রাজার সাজে বসে দেব। ঘিয়ে রঙের ধুতি পাঞ্জাবি, মাথায় পাগড়ি ও মোটা গোঁফ! একেবারে নতুন লুকে ধরা দিয়ে অভিনেতা লেখেন, ‘একদম নতুন অবতারে দেখা হবে ২৫ মে।’ রবিবাসরীয় সকালে দেবের এমন সারপ্রাইজ পেয়ে তাঁর ভক্ত-অনুরাগীরা খুশি হলেও, এই নয়া অবতারে দেবকে ঠিক কোথায় দেখা যাবে তা তাঁরা বুঝতে পারছেন না। আর টলিউডের সুপারস্টারও সেই রহস্য উন্মোচন করেননি। সোমবারই এই রহস্যের জট খুলবে। ততদিন দেব সাসপেন্সে রাখলেন সকলকে।
দেব ভক্তদের তো উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। রাজার সাজে দেবকে কি কোনও সিনেমায় দেখা যাবে নাকি কোনও বিজ্ঞাপনে। অভিনেতা সেই বিষয়ে কিছুই জানাননি। সবটাই জানা যাবে ২৫ মে, সোমবার। তবে দেব এই পোস্টে ট্যাগ করেছে শহরের এক বিখ্যাত রিয়্যাল এস্টেট গ্রুপকে। যাদের সঙ্গে সদ্য চুক্তি হয়েছে দেবের। আর এইসব দেখে মনে হচ্ছে সেই গ্রুপেরই হয়তো কোনও নতুন প্রজেক্টে সুপারস্টারকে দেখা যাবে। যদিও পুরোটা জানতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত।
দেবের এখন দম ফেলার ফুরসৎ নেই। মার্চেই শেষ হয়েছে অ্যাম্বুলেন্স দাদার শ্যুটিং। যেখানে দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণীকে। এছাড়াও দেশু ৭ নিয়ে খুব ব্যস্ত দেব। পুজোর সময় এই ছবি মুক্তি পাবে তা আগেই ঘোষণা করা হয়ে গিয়েছে। কাঠফাটা রোদে পরবর্তী ছবির রেইকির জন্য শহরের অলিতে গলিতে ঘুরছেন দেব। এই ছবির পরিচালক-প্রযোজক সুপারস্টার নিজে। আর দেব-শুভশ্রীর জুটিকে পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকেরা। তারই মাঝে আবার শোনা যাচ্ছে দাদাগিরি-তে সঞ্চালকের ভূমিকায় নাকি দেখা যাবে দেবকে। সব মিলিয়ে এই বছর সুপারস্টারকে একের পর এক ভূমিকায় দেখতে পাবেন দর্শকেরা।