প্রিয় পোষ্যের সঙ্গে দেবকাজের ব্যস্ততার ফাঁকে দেব সব সময়ই 'ফ্যামিলি ম্যান' বলেই পরিচিত। রাজনীতির ময়দান হোক কিংবা বিনোদন জগত, সব জায়গাতেই তাঁর দাপট দেখার মতো। তবে সবকিছুর শেষে দেব তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালোবাসেন। আর তাঁর পরিবারের মধ্যে সবচেয়ে মিষ্টি ও দেবের সর্বক্ষণের সঙ্গী তাঁর প্রিয় পোষ্য লাকি। যার সঙ্গে তাঁকে প্রায়ই ছবি তুলতে দেখা যেত। আর ভোটের রেজাল্টের দিনই এল সেই দুঃসংবাদ। দেবের কাছ থেকে চিরতরে বিদায় নিল তাঁর প্রিয় পোষ্য। সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে সেই দুঃসংবাদ ভাগ করে নিলেন অভিনেতা দেব।
দেব পশুপ্রেমী হিসাবেই পরিচিত। তাঁর বাড়ির চারপেয়ে সদস্যটির সঙ্গে দেবকে সময় কাটাতে দেখা যায়। পরিবারের অংশই ছিল লাকি। রাজনীতি থেকে শ্যুটিংয়ের ক্লান্তিভাব একবারে দূর হয়ে যেত লাকির সঙ্গে সময় কাটাতে। দেব বাড়িতে থাকলে তাঁর পিছন পিছন সারা বাড়ি ঘুরে বেড়াতো এই লাকি। সেই আদরের পোষ্যকে হারিয়ে দেবও মানসিকভাবে বিধ্বস্ত। বহু বছর ধরেই দেবের কাছে লাকি ছিল। তাই প্রিষ পোষ্যকে হারিয়ে দেব যে ভেঙে পড়েছে তা বলাই বাহুল্য।
লাকির একটি ছবি শেয়ার করেছেন দেব। প্রিয় পোষ্যের উদ্দেশে তাঁর বার্তা— ‘তুমি আমার জীবনে ঘটা সেরা জিনিস। শান্তিতে থেকো লাকি। তাড়াতাড়ি ফিরে এসো।’ লাকি ছাড়াও দেবের আর এক পোষ্য রয়েছে, নাম হ্যাপি। এই দুই পোষ্যই ছিল দেবের নয়নের মণি। তাঁদের দুজনের মধ্যে একজনকে হারিয়ে তাই ভেঙে পড়েছে দেব। সোশ্যাল মিডিয়ায় হামেশাই লাকির মিষ্টি মুহুর্ত তুলে ধরতেন অভিনেতা। কখনও ডগ শো-তে লাকির জেতা অ্যাওয়ার্ড তো কখনও রবিবাসরীয় সেলফিতে ধরা দিতেন দুজনে। আজ সবই স্মৃতি।
টলিপাড়ার অনেক তারকার মতোই দেবও পশুপ্রেমিক। তাঁর বাড়ির দুই পোষ্যকে নিয়েই দেবের অবসর সময় কাটত। দেবের মতোই পশুপ্রেমী মিমি, শুভশ্রী, পার্নো মিত্র, রূপাঞ্জনা মিত্র সহ টলিপাড়ার অনেকেই। তাই দেবের পোষ্য হারানোর যন্ত্রণা অবশ্যই তাঁরা বুঝতে পারবেন। প্রসঙ্গত, এতদিন দেব ব্যস্ত ছিলেন তাঁর রাজনৈতিক প্রচার নিয়ে। তা শেষ হতেই দেব ফের তাঁর কাজে মন দিয়েছেন। দেশু৭-এর শ্যুটিংও খুব শীঘ্রই শুরু হবে।