
ইমরান হাশমিসোয়াইন ফ্লু(H1N1) ধরা পড়েছে বলিউডের জনপ্রিয় নায়ক ইমরান হাশমির। অভিনেতা তাঁর ছবির শ্যুটের জন্য রাঁচিতে গিয়েছিলেন সম্প্রতি। আর সেখান থেকে ফিরে আসার পরই অসুস্থ হয়ে পড়েন। রক্ত পরীক্ষা করাতেই তাঁর সোয়াইন ফ্লু ধরা পড়ে। গতকালই ইমরান হাশমির রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গিয়েছে।
চিকিৎসকেরা অভিনেতাকে পর্যাপ্ত বিশ্রাম ও প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছেন। এর আগে শাবানা আজমিও সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন। প্রসঙ্গত, ভারতে ফের অ্যাক্টিভ হয়েছে সোয়াইন ফ্লু। বর্তমানে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১) পিজিএম০৯ ভাইরাস ছড়িয়ে পড়ছে। দেশের একাধিক রাজ্যে এই ফ্লু-এ আক্রান্ত হচ্ছেন অনেকে।

কিছুদিন আগেই সোয়াইন ফ্লু ধরা পড়েছিল বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমির। ১০২ ডিগ্রি জ্বর হওয়ার পর চিকিৎসকের পরামর্শে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছিলেন। তিনি আইসোলেশনেও ছিলেন। বর্তমানে ছড়িয়ে পড়া ভাইরাসগুলি এ/মিসৌরি/১১/২০২৫ (এইচ১এন১) পিডিএম০৯-লাইক ভাইরাস স্ট্রেনের অন্তর্গত। এগুলি ক্লেড ৬বি.১এ.৫এ২এ এবং সাবক্লেড ডি.৩.১.১-এর অংশ। এগুলি নতুন কিছু নয়। বরং ২০২৫ সাল থেকেই এই ভাইরাসের সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। তবে ইমরান হাশমির সোয়াইন ফ্লু ধরা পড়ার খবর সামনে আসতেই অভিনেতাকে নিয়ে উদ্বিগ্ন তাঁর ভক্ত-অনুরাগীরা।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে হাশমির আওয়ারাপন ২। আর এই ছবির সুবাদেই ২৩ বছরের ফিল্মি কেরিয়ারে প্রথমবার একার ক্যারিশ্মায় একশো কোটির গণ্ডি ছুঁয়ে ‘ফিনিক্স’-এর মতো ফিরলেন। ইমরানের ছবি মুক্তির পাঁচদিনেই একশো কোটির ক্লাবে ঢুকে পড়েছে। বিগত কয়েক বছরে বলিউডের পর্দায় তাঁকে সেভাবে দেখা যায়নি। সিনেমা-সিরিজে ডাকসাইটে রোলের ক্ষেত্রেও ব্রাত্য ছিলেন। কিন্তু ‘আওয়ারাপন ২’-এর হাত ধরে ইমরান হাশমি এমন খেল দেখালেন, যে সবাই একবাক্যে তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ।